ফণীর প্রভাব কেটে যেতেই গরম বাড়ছে চড়চড়িয়ে। একদিনেই সারাদেশের তাপমাত্রা দুই থেকে সাত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে। ফলে আবারো প্রচণ্ড গরমে মানুষের নাভিশ্বাস ওঠা শুরু হয়ে গেছে। আর তাপমাত্রাও ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে। যা আরো বাড়বে।
আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল রবিবার রাজধানীর তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। সেল ফোনে ওয়েদার অ্যাপগুলো বলছে, এই তাপমাত্রা হলেও তা অনুভূত হচ্ছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। মোংলায় গত শনিবার তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি আর রবিবার তা বেড়ে দাঁড়িয়েছে ৩৬.৫ ডিগ্রি, খুলনায় শনিবার চিল ২৮.২ আর রবিবার ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। এই প্রচণ্ড গরমের মধ্যেই শুরু হচ্ছে রমজান। তাই, সবার মনেই প্রশ্ন বৃষ্টি হবে কবে?