মাননীয় যোগাযোগমন্ত্রী সমীপে

নোয়াখালীর বেগমগঞ্জ চৌরাস্তা থেকে সোনাপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়ক ফোর লেনে উন্নীতকরণ একান্তই জরুরি হয়ে পড়েছে। এই সড়কটি ফোর লেন করা হলে সড়কে দুর্ঘটনা এবং যানজট অনেকাংশে হ্রাস পাবে। সড়কটির দু’পাশে কলকারখানা, ইন্ডাস্ট্রি ও স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় থাকায় ছাত্রছাত্রীসহ জনসাধারণকে অত্যন্ত ঝুঁকি নিয়ে রাস্তায় চলাচল করতে হয়। বেগমগঞ্জ-সোনাপুর সড়কটি ফোর লেনে উন্নীত করার জন্য নোয়াখালীবাসী দীর্ঘদিন ধরে সরকারের কাছে দাবি জানিয়ে আসছে। মাননীয় যোগাযোগমন্ত্রীর নিজ জেলা হওয়া সত্ত্বেও ওই রাস্তা চার লেনে উন্নীত করার বিষয়ে যতদূর জানা যায় এখন পর্যন্ত কোন প্রস্তাব যোগাযোগ মন্ত্রণালয় থেকে পাস হয়নি। এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে গত কয়েক বছরে অসংখ্য মানুষ দুর্ঘটনায় পতিত হয়ে প্রাণ হারিয়েছেন বা পঙ্গু হয়েছেন। বর্তমান যোগাযোগমন্ত্রী মহোদয়ের কাছে আকুল আবেদন, অনতিবিলম্বে বেগমগঞ্জ চৌরাস্তা থেকে সোনাপুর-মাইজদী সড়কটি চার লেনে উন্নীত করে নোয়াখালী জেলাবাসীকে সড়ক দুর্ঘটনার হাত থেকে রেহাই দিন। আব্দুল্লাহ আল সাঈদ মাইজদী, নোয়াখালী