বায়েজিদে ঝুঁকিপূর্ণ পেট্রোল-অকটেনের ব্যবসা

সিএমপি-র বায়েজিদ বোস্তামী থানার অন্তত ১০টি স্পটে নালা-খাল ও ফুটপাতের জায়গা দখল করে প্রকাশ্যে চলছে ঝুঁকিপূর্ণ লাইসেন্সবিহীন খোলা পেট্রোল-অকটেনের রমরমা ব্যবসা। সচেতন এলাকাবাসী এ ব্যাপারে দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়ে এলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছেন না। ফলে ব্যবসায়ীরা দিন-দিন বেপরোয়া হয়ে উঠছে। থানার টেক্সটাইল গেইট সংলগ্ন চন্দ্রনগরের প্রবেশমুখে একটি দোকান, শেরশাহ্ চা বোর্ড ও আশপাশ এলাকা এবং বায়েজিদ ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় অবৈধ তেল ব্যবসায়ীরা মারাত্মক ঝুঁকিপূর্ণভাবে প্রকাশ্যে চোরাই তেলের ব্যবসা করে যাচ্ছে। এসব দোকানে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের যানবাহন ও বেসরকারি প্রাইভেট গাড়িগুলোর চালকদের কাছ থেকে কমমূল্যে তেল কিনে তাতে আবার ভেজাল মিশিয়ে দেদারসে বিক্রি করা হয়। সিটি কর্পোরেশনসহ সরকারি-বেসরকারি গাড়ি থেকে প্রতিদিন চোরাই তেল কিনতে দেখা যায়। সামপ্রতিক সময়ে শেরশাহ কলোনি সংলগ্ন একটি তেলের দোকান থেকে অগ্নিকাণ্ড সৃষ্টি হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সংশ্লিষ্ট প্রশাসন এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়া হয়নি। জরুরি ভিত্তিতে বায়েজিদ এলাকা থেকে এসব ঝুঁকিপূর্ণ তেলের দোকানগুলো উচ্ছেদ করার জন্য সিএমপি কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। এস.এম. রেজাউল করিম, বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম