প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধকরণ আইনের প্রয়োগ
প্রকাশ : ২১ মার্চ ২০১৩, ২১:৪২
ধূমপান মানে বিষপান, বর্তমান সদাশয় সরকার ধূমপানের এ অপকারিতার বিষয়টি গভীরভাবে অনুধাবনপূর্বক গণস্বাস্থ্য রক্ষার্থে প্রকাশ্যে ধূমপানের অর্থদণ্ড করিয়া সম্প্রতি এ সংক্রান্ত আইনে এ দেশের সংশোধনী আনয়নের উদ্যোগে নেয়া হয়েছে যা নিঃসন্দেহে সরকারের একটি প্রশংসনীয় উদ্যোগ। উক্ত আইন অমান্যকারীদের ১০০ (একশত) টাকা জরিমানা করার বিধান রাখা হয়েছে। বিগত সরকারের আমলে এরূপ আইন করা হয়েছিলো যাতে আইন অমান্য করার ক্ষেত্রে ৫০ (পঞ্চাশ) টাকা জরিমানা আদায়ের বিধান ছিলো। এ প্রসঙ্গে অত্যন্ত দুঃখের সহিত উল্লেখ করা যাচ্ছে যে, উভয় সরকারের প্রণীত এ আইনের প্রতি কোন তোয়াক্কা না করে এক শ্রেণির ধূমপায়ী সদা সর্বদা প্রকাশ্যে রাস্তাঘাট, হাটবাজার, স্কুল-কলেজ ও অফিস-আদালতে সর্বত্রই পূর্বের চেয়ে অধিক মাত্রায় ধূমপান করে চলেছে। ফলে আমাদের মত অধূমপায়ীদের মারাত্মকভাবে স্বাস্থ্যহানি ঘটছে এবং মানসিক অশান্তি ও বিরক্তিকর পরিস্থিতির সৃষ্টি করছে।
সরকারের প্রণীত এতদসংক্রান্ত আইন বা আদেশটি বস্তত কার্যকর করার কোন সক্রিয় উদ্যোগ আগেও ছিলো না, বর্তমানে নেই এবং ভবিষ্যতে থাকবে কিনা সন্দেহ। আইন প্রণয়নকারী তথা আইন-শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ এ ব্যাপারে সম্পূর্ণ উদাসীন থাকে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আমাদের বিশেষ অনুরোধ হচ্ছে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধকরণের উক্ত আইনটি কঠোরভাবে প্রয়োগের ব্যবস্থা গ্রহণ করা হোক, নতুবা সেটি প্রত্যাহার বাতিল করা হোক। আশাকরি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি অতীব গুরুত্বের সহিত বিবেচনা করে দেখবেন।
মো. সুলতান হোসেন
প্রশাসনিক কর্মকর্তা (অব.), বন অধিদপ্তর ঢাকা