অর্পিত সম্পত্তি অবমুক্তির দাবিতে জামালপুরে মানববন্ধন

জামালপুরে আদিবাসীদের অর্পিত সম্পত্তি অবমুক্তির দাবিতে গত বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আদিবাসীরা মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে। জামালপুর জেলার ১১ হাজার আদিবাসীর অনেকেরই সম্পত্তি ১৯৬৪ ও ১৯৬৫ সালে শত্রু আখ্যায়িত করে অর্পিত সম্পত্তির তালিকাভুক্ত করে তত্কালীন সরকার। বর্তমানে ওইসব আদিবাসীদের অর্পিত সম্পত্তির তালিকা থেকে অবমুক্তির জন্য জেলার আদিবাসীরা মানববন্ধন ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে। কারিতাস পারলাম ময়মনসিংহ অঞ্চল ও মানুষের জন্য ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় জামালপুর আদিবাসী সংগঠন ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন (টি ডাব্লিউ এ)-এর উদ্যোগে আদিবাসীরা মানববন্ধন করে। ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন জামালপুর শাখার সভাপতি টেরিসার্স টারসিসিউস এ সাংমা এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইঞ্জিনিয়ার লয়ার্স এসোসিয়েশন (বিলা) জেনারেল সেক্রেটারী অ্যাডভোকেট দিনেশ দারু, (টি ডাব্লিউ এ) শেরপুর সদর উপজেলা শাখার সভাপতি ডেনিস দুলাল মারাক, (টি ডাব্লিউ এ) শ্রীবর্দী উপজেলা শাখার সভাপতি সুশীল নকরেক, (টি ডাব্লিউ এ) বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হোসিও ম্রং, প্রতিশ ম্রং, জেকশন মান্দা প্রমুখ।