শিশুর মৃত্যু, মা-বাবা বোন অগ্নিদগ্ধ

রাজধানীর কাফরুলে টেলিভিশন সেট বিস্ফোরণে প্রাণ গেল ঘুমন্ত দেড় বছরের শিশু মারুফের। একই ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন শিশুর বাবা, মা ও বোন। বুধবার রাতে কাফরুল থানার অন্তর্গত মিরপুর-১৩ সেকশনে সি ব্লকের ৬ নম্বর লেনের ২২ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। মারুফের বাবা মোতাহার আলী, মা জেসমিন ও বোন দৃষ্টিকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ বার্ন ইউনিটে। ফায়ার বিগ্রেড ও পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, টেলিভিশন সেট বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। মারুফদের প্রতিবেশী সুলতান আহমেদ গতকাল ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে উপস্থিত সাংবাদিকদের জানান, একতলা বাড়িতে সপরিবারে ভাড়া থাকেন কাপড় ব্যবসায়ী মোতাহার আলী। রাত সোয়া একটার দিকে তারা সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাত্ বিস্ফোরণের শব্দ পান। এরপরই চিত্কারের শব্দ। তিনিসহ অন্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখেন চারজনই অগ্নিদগ্ধ হয়ে কাঁতরাচ্ছেন। দ্রুত তাদের উদ্ধার করে ভর্তি করেন ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে। রাত তিনটার দিকে মারা যায় মারুফ। কাফরুল থানার অফিসার ইনচার্জ ওয়াজেদ আলী জানান, ফায়ার বিগ্রেডে প্রাথমিক ধারণা মতে মনে হচ্ছে টেলিভিশন বিস্ফোরণের ঘটনায় আগুনের সূত্রপাত। তারপরও সিআইডির বোমা বিস্ফোরক টিম ঘটনাস্থল পরির্দশন করেছেন। ফায়ার বিগ্রেডের পাশাপাশি তারাও বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছেন।