সাঈদীর দুই আবেদন খারিজ
প্রকাশ : ২১ মার্চ ২০১৩, ২২:১২
মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে বিচারকৃত একই বিষয়ে থানায় দায়ের করা অপর দুটি মামলায় জামিন এবং মামলার নথি প্রাপ্তির আবেদন খারিজ করেছে ট্রাইব্যুনাল। শুনানি গ্রহণ করে বিচারপতি এটিএম ফজলে কবিরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ বৃহস্পতিবার এই আদেশ দেন। এদিকে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে গতকাল বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণার পর বেলা সাড়ে ১১টার দিকে ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম মুলতবি ঘোষণা করা হয়।
২০০৯ সালে পিরোজপুরের সদর ও জিয়ানগর থানায় দায়েরকৃত দু’টি মামলায় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই জামিনের আবেদন করা হয়। মানবতাবিরোধী অপরাধের মামলায় সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষী মাহাবুব আলম হাওলাদার ও মানিক পসারি ফৌজদারি আইনে এ মামলা দু’টি রুজু করেন। একইসঙ্গে সাঈদীর মামলা সংক্রান্ত সকল নথি চেয়ে আবেদন করা হয়। আবেদনে বলা হয়, যেহেতু একই ধরনের অপরাধের মামলায় ট্রাইব্যুনাল সাঈদীকে ফাঁসির দণ্ডাদেশ দিয়ে রায় ঘোষণা করেছে, সেহেতু একই ধরনের অন্য কোনো মামলা চলতে পারে না। তাই থানায় দায়েরকৃত ওই মামলা দু’টি চলতে পারে না। তাই তাকে জামিন দেয়া প্রয়োজন। সাঈদীর পক্ষে এডভোকেট মিজানুল ইসলাম ও রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর এডভোকেট হায়দার আলী শুনানি করেন। শুনানি শেষে ট্রাইব্যুনাল আবেদন দু’টি খারিজ করে দেয়।
খারিজ আদেশের পর সাঈদীর আইনজীবী এম তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, এ মামলার বিষয়ে ম্যাজিস্ট্রেট আদালতে গেলে তারা বলেন, এটি ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। এটি ট্রাইব্যুনাল দেখবে। আর এদিকে ট্রাইব্যুনাল বলছে তাদের এখতিয়ার নাই। তিনি বলেন, আমরা বুঝতে পারছি না আমাদের ন্যায় বিচার পাওয়ার স্থান কোথায়? অ্যাডভোকেট তাজুল বলেন, আজকের এ আদেশের মাধ্যমে এই মামলায় আইনগতভাবে আর কোথাও যাওয়ার স্থান নেই। এ আদেশের মাধ্যমে আসামির ন্যায়বিচার, মানবাধিকার, মৌলিক অধিকার লংঘন হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।