ভারতে ধর্ষণবিরোধী আইন পাস
প্রকাশ : ২১ মার্চ ২০১৩, ২২:৪৪
মৃত্যুদণ্ডসহ কঠোর শাস্তির বিধান রেখে ভারতে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় ধর্ষণবিরোধী একটি আইন গতকাল বৃহস্পতিবার পাস হয়েছে। এর আগে মঙ্গলবার প্রায় সাত ঘন্টা বিতর্কের পর নিম্নকক্ষ লোকসভায় এই আইন পাস হয়। তবে আইনটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে নারীরা। খবর টাইমস অব ইন্ডিয়ার।
গতকাল রাজ্যসভায় ‘দ্য ক্রিমিনাল ল (অ্যামেন্ডমেন্ট)-২০১৩ বিলটি উত্থাপন করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে। গতকাল আইনটি নিয়ে ভোটাভুটির সময় ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং রাজ্যসভায় উপস্থিত ছিলেন। আইনের বিধান অনুযায়ী, সম্মতিতে যৌন সম্পর্ক করতে চাইলে সেক্ষেত্রে বয়স ১৮ বছর হতে হবে। গত মাসে এ সংক্রান্ত একটি অধ্যাদেশ জারির আগে এই বয়স ছিল ১৬ বছর। নতুন আইনে ধর্ষণের কারণে কারো মৃত্যু হলে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। মেয়েদের পিছু নেয়া, গায়ে হাত দেয়ার মতো অশ্লীল আচরণ, গোপনে অশ্লীল ভিডিওচিত্র ধারণ ও এসিড হামলার মতো গুরুতর অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। গত ৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ধর্ষণবিরোধী আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করেন। আগের আইনে ধর্ষকের ৭ থেকে ১০ বছরের কারাদণ্ডের বিধান ছিল।