রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) পবিত্র রমজান ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দীর্ঘ ছুটিতে থাকবে। রাবিতে আগামী ৮ মে থেকে ২৩ জুন টানা ৪৭ দিন ছুটি শুরু হবে এবং ৪ মে থেকে ১৪ জুন পর্যন্ত ছুটিতে থাকবে রুয়েট।
রবিবার সকালে রাবির জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার এ তথ্য নিশ্চিত করে বলেন, আগামী ৮ মে থেকে ২৩ জুন পর্যন্ত রমজান-ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে প্রশাসনিক কার্যক্রম ও অফিস চলবে ১ জুন পর্যন্ত। পরে ২ জুন থেকে ২২ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে।’
তবে আবাসিক হলগুলো বন্ধের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ড. আমিনুল ইসলাম বলেন, ‘হলগুলো কবে নাগাদ বন্ধ হবে তা এখন সিদ্ধান্ত নেয়া হয়নি। এ বিষয়ে আগামী সপ্তাহে আহ্বায়ক কমিটির মিটিংয়ে বসে সিদ্ধান্ত নিবে।
এদিকে শনিবার সন্ধ্যায় রুয়েটের প্রেস এ্যান্ড ইনফরমেশন সেকশন থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রুয়েটের রমজান ও গ্রীষ্মকালীন ছুটির বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রমযান ও গ্রীষ্মকালীন ছুটিতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকলেও পরীক্ষা অনুষ্ঠিত হবে। রমজানের অবকাশকালীন সময়ে প্রশাসনিক কার্যক্রম ও অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। ছুটি শেষে আগামী ১৫ জুন রুয়েটে সব ক্লাস ও একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হবে।
ইত্তেফাক/আরকেজি