খালেদা জিয়ার
শেষ শ্রদ্ধা
প্রকাশ : ২১ মার্চ ২০১৩, ২২:৫৫
প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বঙ্গভবনের দরবার হলে রাখা শোক বইয়েও স্বাক্ষর করেন তিনি। রাষ্ট্রপতির পুত্র নাজমুল হাসান এমপিসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসময় দরবার হলে উপস্থিত ছিলেন। মাত্র কয়েকগজ দূরে অবস্থান করলেও দেখা ও কথা হয়নি দুই নেত্রীর। অন্যদিকে রাষ্ট্রপতির মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক উপলক্ষে বিএনপি চেয়ারপারসন তার বগুড়া সফর একদিন পিছিয়েছেন। আজ শুক্রবার তার বগুড়া যাবার কথা ছিল, এর পরিবর্তে আগামীকাল শনিবার তিনি বগুড়া যাবেন।
দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে গতকাল বৃহস্পতিবার বেলা ২টার দিকে বঙ্গভবনে পৌঁছান বিএনপি চেয়ারপারসন। গাড়ি থেকে নেমে তিনি সরাসরি দরবার হলে গিয়ে রাষ্ট্রপতির কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি সেখানে রাখা শোকবইয়ে স্বাক্ষর করেন। বঙ্গভবনের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
খালেদা জিয়ার সঙ্গে উপস্থিত থাকা বিএনপির এক নেতা ইত্তেফাককে জানান, শোকাবহ পরিবেশে রাষ্ট্রপতির কফিনে বিরোধী দলীয় নেতা যখন শ্রদ্ধা জানাচ্ছিলেন তখন ডান পাশে মাত্র কয়েক গজ দূরে দাঁড়িয়ে কূটনীতিকদের সঙ্গে কথা বলছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কফিনে শ্রদ্ধা জানিয়ে ও শোক বইয়ে স্বাক্ষরের পর খালেদা জিয়া প্রথমে ডান দিকে একটু এগুলেও পরে ঘুরে এসে দরবার হলের বাইরের দিকে চলে যান। সেখানে এসে তিনি প্রয়াত রাষ্ট্রপতির পরিবারের সদস্যদের খোঁজ করেন। বঙ্গভবনের স্টাফরা তাদের ডেকে দেন। পরে খালেদা জিয়া রাষ্ট্রপতির পুত্র নাজমুল হাসান, কন্যা ও পুত্রবধূর সঙ্গে ১০-১৫ মিনিট কথা বলে তাদের সান্ত্বনা জানান। এরপর গুলশানের বাসার উদ্দেশে বঙ্গভবন ত্যাগ করেন বিরোধী দলীয় নেতা। সূত্র জানায়, এর আগে শোকবইতে স্বাক্ষর করার সময় রাষ্ট্রপতির সামরিক সচিবকে উদ্দেশ করে খালেদা জিয়া বলেন, ‘এখানে একটি কালো ব্যাজ থাকলে ভালো হত’।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ রায়, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ও সেলিমা রহমান প্রমুখ খালেদা জিয়ার সঙ্গে ছিলেন।
এদিকে রাষ্ট্রপতির মৃত্যুতে ঘোষিত তিনদিনের রাষ্ট্রীয় শোক বিএনপির পক্ষ থেকেও পালনের কথা জানানো হয়। এ কারণে বিএনপি চেয়ারপারসনের আজ শুক্রবার বগুড়া সফরের তারিখ একদিন পিছিয়ে আগামীকাল শনিবার করা হয়েছে।
গতকাল বৃৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ ীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথ সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, বগুড়ার উদ্দেশ্যে শুক্রবার বিকালে খালেদা জিয়ার রওনা হওয়ার কথা ছিল। শনিবার সেখানে সামপ্রতিক সহিংসতায় নিহত ব্যক্তির স্বজনদের সমবেদনা জানানোর কর্মসূচি ছিল তার। তবে রাষ্ট্রপতির মৃত্যুতে তার প্রতি সম্মান জানিয়ে শনিবার বিকালে বগুড়ার উদ্দেশ্যে রওনা হবেন খালেদা জিয়া। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী রবিবার তিনি জয়পুরহাটও যাবেন।