রাষ্ট্রপতির মৃত্যুতে দেশজুড়ে শোক

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে শোক পালন করছেন দেশের সর্বস্তরের মানুষ। প্রিয় নেতার মৃত্যুতে দেশের বিভিন্ন স্থানে সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, বাসা-বাড়িতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। লোকজন বুকে ধারণ করেছেন কালো ব্যাজ। গতকাল বৃহস্পতিবার জেলা-উপজেলাগুলোতে আয়োজন করা হয় শোকসভা ও মিলাদ মাহফিলের। প্রয়াত রাষ্ট্রপতির বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। রাজশাহী অফিস জানায়, রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে রাজশাহীতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ শোক পালন করছেন। বাসা-বাড়ি, সরকারি-বেসরকারি অফিস ও ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। লোকজন কালোব্যাজ ধারণ করে। এছাড়া কোর’আনখানি, দোয়া মাহফিল ও শোকসভার আয়োজন করা হয়। রাষ্ট্রপতির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ মিজান উদ্দিন, উপ-উপাচার্য প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান সজল, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মর্ত্তুজা আলী, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. শাহ্ নওয়াজ আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের প্রফেসর মো. তানবিরুল আলম, শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী এমপি, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ফজলে হোসেন বাদশা এমপি, শাহরিয়ার আলম এমপি, ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি, কাজি আব্দুল ওয়াদুদ দারা এমপি, মেরাজ উদ্দিন মোল্লা এমপি ও অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদার এমপি। খুলনা অফিস জানায়, রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক গভীর শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশ করেছেন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। গতকাল দুপুরে দুই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি ও শিক্ষার্থীরা কালো ব্যাজ পরে শোক মিছিল বের করে। রাষ্ট্রপতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এমপি। আওয়ামী লীগ, বিএনপি কার্যালয়সহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। কুমিল্লা প্রতিনিধি জানান, রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে গতকাল বৃহস্পতিবার জেলায় সরকারি-আধাসরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা কালোব্যাজ ধারণ করে। রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার আত্মার মাগফেরাত কামনা করেন রেলপথমন্ত্রী ও কুমিল্লা চৌদ্দগ্রাম থেকে নির্বাচিত এমপি মুজিবুল হক মুজিব, বিএনপি নেতা সাবেক এমপি আলহাজ্ব মনিরুল হক চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আফজল খান ও শফিকুল ইসলাম শিকদার, কুমিল্লা জেলা বিএনপির সভানেত্রী বেগম রাবেয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক সাবেক এমপি হাজী আমিনুর রশিদ ইয়াছিন, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক প্রমুখ। সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে কোরানখানি, মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, সদর উপজেলা চেয়ারম্যান আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, আওয়ামী লীগ নেতা আবু ইউসুফ সূর্য, সেলিনা বেগম স্বপ্না, শামসুজ্জামান আলো, যুবলীগ নেতা মইন উদ্দিন খান চিনু, ছাত্রলীগ নেতা জাকির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। ভান্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা জানান, রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আবুবকর ছিদ্দিক মন্টু হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান খান মো.রুস্তুম আলী, সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দারসহ সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ। রাষ্ট্রপতির মৃত্যুতে উপজেলার সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে উত্তোলন করা হয়েছে কালো পতাকা। হবিগঞ্জ প্রতিনিধি জানান, রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে গতকাল রাষ্ট্রীয় শোক দিবসের প্রথম দিনে জেলার সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, শিক্ষা প্রতিষ্ঠান, বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ বসু ভবনে বৃহস্পতিবার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. জিল্লুর রহমানের মহাপ্রয়াণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম খায়রুল আলম খানের সভাপতিত্বে শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেকশন অফিসার মো. নজরুল ইসলাম, প্রভাষক মো. আনিসুর রহমান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. হানিফ সিদ্দিকী, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. শাহজাহান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর দিলীপ কুমার নাথ, জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর বাসুদেব কুমার দাস প্রমুখ। শোকসভায় বক্তারা প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্ল¬ুর রহমানের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। শোক দিবসে বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। পালন করা হয় সরকার ঘোষিত ছুটি। ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় তিনি রাষ্ট্রপতির বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সৈয়দ গিয়াস উদ্দিন আহমেদ, ট্রেজারার অধ্যাপক ড. আবুল বাশারসহ রেজিস্ট্রার, ডিন, বিভাগীয় ও অফিস প্রধানসহ সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা জানান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে গতকাল মোহনগঞ্জ প্রেসক্লাবে এক শোকসভার আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন সৈয়দ আনোয়ার হোসেন নীলু, এসএম সারোয়ার খোকন, জহিরুল আলম শেখ, হাফিজুর রহমান চয়ন প্রমুখ। ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা জানান, ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা শাখা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার বেলা ৩টায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শাখা আওয়ামী লীগ সভাপতি সাবেক মেয়র জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে সংক্ষিপ্ত শোকসভায় প্রয়াত রাষ্ট্রপতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারী মণ্ডল প্রমুখ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ রাষ্ট্রপতির মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে তিন দিনের শোক ঘোষণা করেছেন। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কোন ক্লাস হয়নি। চবির উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত এক শোকসভায় বক্তব্য রাখেন সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. ইমরান হোসেন, শাহজালাল হলের প্রোভস্ট ড. সুলতান আহমেদ, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. সৌরেন বিশ্বাস। পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা জানান, বৃহস্পতিবার বিকালে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে রেলস্টেশন মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। মাহফিলে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক, সাধারণ সম্পাদক আক্তারুল ইসলামসহ বিপুলসংখ্যক আওয়ামী লীগ নেতা-কর্মী ও সাধারণ মুসল্লি অংশগ্রহণ করেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ২৩ মার্চ বন্ধ রাষ্ট্রপতি ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. জিল্লুর রহমানের মৃত্যুতে ২৩ মার্চ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের এক প্রেসবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০১২-১৩ শিক্ষাবর্ষের অনুষ্ঠিতব্য ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস ২৩ মার্চের পরিবর্তে ২৪ মার্চ অনুষ্ঠিত হবে।