রূপগঞ্জে টেক্সটাইল মিলে আগুন পুড়ে গেছে যন্ত্রপাতি, মালামাল

রবিবার সকালে রূপগঞ্জের কাঞ্চন বাজার এলাকার শামিয়া টেক্সটাইল মিল নামে একটি রপ্তানিমুখী প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বেশ কিছু যন্ত্রপাতি, মালামাল পুড়ে গেছে। গতকাল সকাল ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাঞ্চন বাজার এলাকার আব্দুল হকের মালিকানাধীন শামিয়া টেক্সটাইল মিলটি ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন খোকন ভুঁইয়া নামে আরেক ব্যবসায়ী। রবিবার সকাল ৮টার দিকে হঠাত্ করে মিলের ভেতরে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। আগুন প্রায় ৩০ ফুট থেকে ৪০ ফুট উঁচুতে উঠে যায়। এলাকাবাসীর সহযোগিতায় কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কারখানার মেশিনারিজ, সুতা, কাপড়সহ মালামাল পুড়ে যায়। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কারখানার মালিক খোকন ভুঁইয়া।

কাঞ্চন ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। সময়মতো আগুন নিয়ন্ত্রণ করতে না পারলে আশপাশে আগুন ছড়িয়ে আরো বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারতো।

স্টিল মিলে তপ্ত গলিত লোহায় দগ্ধ ৬ শ্রমিক

রূপগঞ্জে একটি রপ্তানিমুখী স্টিল এন্ড রি-রোলিং মিলের নিডেল ওয়্যার ক্রেনের তার ছিটকে পড়ে নিডেলের ভেতরে থাকা তপ্ত গলিত লোহায় দগ্ধ হয়েছেন ৬ শ্রমিক। রবিবার দুপুরে উপজেলার তারাবো পৌরসভার কর্নগোপ এলাকার হাজী ইসলাম উদ্দিন স্টিল এন্ড রি-রোলিং মিলে ঘটে এ দুর্ঘটনা। মিলের সুপারভাইজার স্বপন মিয়া জানান, রবিবার শ্রমিকরা মিলে কাজ করার সময় দুপুর সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। দগ্ধ শ্রমিকদের মধ্যে সোহেল, আব্দুর রহমান, ফারুক ও পলাশকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই স্টিল মিলের সুপারভাইজার স্বপন ও সিকিউরিটি ইনচার্জ শাহজাহানকে আটক করেছে পুলিশ। ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রফিকুল হক বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।