জুয়া খেলার টাকা না দেওয়ায় গৃহবধূকে পিটিয়েছে স্বামী

জুয়া খেলার টাকা না দেওয়ায় রুজিনা নামে এক গৃহবধূকে পিটিয়ে জখম করেছে তার স্বামী মনোয়ার। এমন অভিযোগ এনে শনিবার সন্ধ্যায় গৃহবধূ রুজিনা বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আহত রুজিনা সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন। 

জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও গ্রামের মৃত মজলিস খানের ছেলে মনোয়ারের সঙ্গে রুজিনার বিয়ের কিছুদিন পর থেকেই মনোয়ার কারণে অকারণে তাকে মারধর করে। রুজিনাকে বাবার বাড়ি থেকে টাকা এনে  দিতে বলে মনোয়ার। রুজিনা তার বাবার কাছ থেকে ৫০ হাজার টাকা এনে স্বামীকে দেয়। ওই টাকা মনোয়ার হোসেন জুয়া খেলে নষ্ট করে ফেলেছে বলে অভিযোগে উল্লেখ করে রুজিনা। সর্বশেষ গত বৃহস্পতিবার মনোয়ার তাকে আবারো তার বাবার বাড়ি থেকে ১ লাখ টাকা এনে দিতে বলে। রুজিনা এতে রাজি না হলে মনোয়ার তাকে পিটিয়ে মারাত্মক জখম করে। সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) হেলালউদ্দিন জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।