গোদাগাড়ীতে কন্যা শিশু ও যুব নারীদের সম্মেলন
গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা
প্রকাশ : ২২ মার্চ ২০১৩, ১৬:৩৫
রাজশাহীর গোদাগাড়ীতে কন্যা শিশু ও যুব নারীদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০টায় রাজাবাড়ী হাট উচ্চ বিদ্যালয় মাঠে প্লান বাংলাদেশের সহযোগিতায় ও এসিডি রাজশাহী আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন গোদাগাড়ী উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রওশন আরা বেগম ডলি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, উপজেলা প্রেসক্লাব সভাপতি আলমগীর কবির তোতা। এসিডির শাখা ব্যবস্থাপক তাজুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন রাজাবাড়ী হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামারুজ্জামান, নারী নেত্রী নাদিরা বেগম, যুব নারী নেত্রী আলেয়া খাতুন, ময়না সরেন, এসিডির টেকনিক্যাল অফিসার মোতাল্লেব হোসেন, কামরুজ্জামান রানা, নাজমুল হোসেন, গোদাগাড়ী গার্ল ফোরামের সভাপতি উম্মে আয়েশা বৃষ্টি, নারী নেত্রী ফাতেমা খাতুন প্রমুখ। সভায় বক্তারা বলেন, দারিদ্র্যতা, বাল্যবিবাহ, যৌতুক প্রথা ও মাদকের বিস্তার ঘটায় সমাজে নারীদের প্রতি সহিংসতা ঘটছে। নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ বন্ধ, যুব নারীদের সক্ষমতা বৃদ্ধি করে সচেতনতা গড়ে তুলে নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। প্রসঙ্গত, মেয়ে শিশু ও যুব নারীদের লিঙ্গ ভিত্তিক প্রতিরোধ ও ক্ষমতায়নের পথ সুগম করার লক্ষ্য নিয়ে উন্নয়ন ও মানবাধিকার সংগঠন এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট-এসিডি কর্তৃক আয়োজিত গার্ল পাওয়ার প্রকল্পের আওতায় উপজেলার দেওপাড়া, গোগ্রাম, মাটিকাটা, বাসুদেবপুর ও গোদাগাড়ী ইউনিয়নে কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।