নরসিংদীতে এসিড সহিংসতার বিরুদ্ধে শোভাযাত্রা

এসিড সারভাইভারসদের বার্ষিক সমাবেশ ও আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠান গত বৃহস্পতিবার নরিসিংদী জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়েছে। এর আগে সকাল ৯ টায় এসিড সহিংসতাসহ সকল প্রকার নারী নির্যাতনের বিরুদ্ধে এক বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা প্রশাসক প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। নরসিংদীর ঐতিহ্যবাহী বেসরকারি সাহায্য সংস্থা পাপড়ির উদ্যোগে এ বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক মোঃ ওবায়দুল আজম। পাপড়ির নির্বাহী পরিচালক আবু বাছেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদীর পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কামাল হোসেন, এসিড সারভাইভারস ফাউন্ডেশনের ঢাকার কর্মকর্তা ফাতেমা পুতুল, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে মাহমুদা খানম, জেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল কাশেম, পাপড়ীর সমন্বয়কারী মোঃ হুমায়ূন কবির, এএসএফ এর সমন্বয়কারী সিদ্দিক রুবেল, মোঃ গোলাম হোসেন, সাংবাদিক তোফাজ্জল হোসেন, এসিড সন্ত্রাসের শিকার আফসিয়া সুলতানা পারুল, নাসিমা আক্তার, ফারজানা আক্তার পপি প্রমুখ। সভায় বক্তাগণ এসিড সন্ত্রাসের ভয়াবহ করুণ অবস্থা বর্ণনা করেন। নরসিংদী জেলায় ১৯৯৯ সন থেকে ২০১৩ সনের ১৪ মার্চ মাস পর্যন্ত ১০২ জন মহিলা এসিড সন্ত্রাসের শিকার হয়েছেন। পাপড়ী তাহাদের পুনর্বাসনের জন্য দীর্ঘ ১৫ বছর যাবত্ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে ৭৫ জন এসিডদগ্ধ মহিলার মধ্যে ৭ লক্ষ বিশ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। তার মধ্যে জেলা প্রশাসক মোঃ ওবায়দুল আজম সরকারিভাবে দুই লক্ষ টাকা প্রদান করেছেন। এই টাকা দিয়ে গাভী, জমি, হাঁস-মুরগি, সেলাই কাজ, ব্যবসা, কৃষি কাজসহ বিভিন্ন কাজে লাগিয়ে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে সহায়ক হবে বলে ভুক্তভোগীরা আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে নরসিংদী জেলার প্রত্যন্ত এলাকার ৭৫ জন এসিডদগ্ধ মহিলা উপস্থিত ছিলেন। ভিডিও প্রদর্শনীর মাধ্যমে এসিড দগ্ধ নারী-শিশুদের নির্যাতনের করুণ কাহিনী দেখানো হয়। অনেকে করুণ কাহিনী বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে নরসিংদী জেলা প্রশাসক ওবায়দুল আজমের তত্ত্বাবধানে গঠিত বাধনহারা শিশু-কিশোরদের নাটক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের দারুণভাবে আকৃষ্ট করেছে।