টেকনাফে আবারো সক্রিয় পাচারকারী চক্র, আটক ১৬

টেকনাফে মালয়েশিয়া পাচারকারী চক্র আবারো সক্রিয় হয়ে উঠেছে। সমপ্রতি শাহপরীর দ্বীপ থেকে মালয়েশিয়াগামী ১৬ জনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার গভীর রাতে শাহপরীর দ্বীপ বিওপির সুবেদার জজ মিয়ার নেতৃত্বে বিজিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জালিয়াপাড়া এলাকায় যাত্রীবাহী একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে মহিলা, রোহিঙ্গা ও দালালসহ ১৬ জনকে আটক করে। আটককৃতরা হচ্ছে: শাহপরীর দ্বীপ মাঝর পাড়ার দালাল আমানউল্লাহ, মিয়ানমারের মোহা. আলম, মহেশখালীর রিপা, যশোর জেলার ঝিকরগাছার হোসনে আরা, আফজাল, সাইফুল, হীরা, নজরুল, আহামদুল, আসাদুজ্জামান, কামরুজ্জামান, ইকবাল, সাইফুল, আব্দুল করিম, আমজাদ আলী, বল্লার আবুল হাওলাদার। এদের মধ্যে এক রোহিঙ্গা নাগরিক ও দুই মহিলা রয়েছে। আবুল হাওলাদার জানায়, এই এলাকার কয়েক দালালের মাধ্যমে জাহাজযোগে সাগরপথে মালয়েশিয়া পাড়ি দিতে আমাদের সাথে কথা হয়। মালয়েশিয়া পৌঁছালে জনপ্রতি দু’লাখ টাকা করে দেয়ার কথা ঠিক হলেও প্রথমত ২০-৩০ হাজার টাকা করে দিয়েছেন। দীর্ঘদির ধরে মানব পাচার চক্র সাগরপথে নিরীহ লোকদের প্রলোভন দিয়ে কম খরচে মালয়েশিয়া পাঠানোর নামে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিচ্ছে। পাচারকারী চক্র মিয়ানমার ও দেশের বিভিন্ন স্থান থেকে লোকজনকে টেকনাফ উপকূল হয়ে সাগরে ট্রলারে তুলে দেয়। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার একটি মাইক্রো দিয়ে আনার সময় শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকায় দালাল আমানউল্লাহসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতদের থানায় প্রেরণ করে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয় বলে জানায় বিজিবি।