কোম্পানীগঞ্জে সভাপতি পেটালেন মোয়াজ্জিনকে

নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলায় মসজিদের মুয়াজ্জিনকে পিটিয়ে আহত করেছেন মসজিদ কমিটির সভাপতি। জানা যায়, গত বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলার বসুরহাট কেন্দ ীয় জামে মসজিদের সামনের গলিতে বাজারের দিন হওয়ায় হকার ব্যবসায়ীরা দোকান খুলে বসে। ফলে মসজিদের মুসল্লিদের যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হয়। এ ঘটনায় সাবেক পৌর আ.লীগ সভাপতি ও মসজিদ কমিটির সভাপতি মিজানুর রহমান সাজু প্রকাশ মিজান বলি (৬০) হকারদের দেখে ক্ষিপ্ত হয়ে মসজিদের মুয়াজ্জিন নুর নবীকে (৫৩) অকথ্য ভাষায় গালিগালাজ ও কিল-ঘুষি মেরে আহত করেন। স্থানীয় ব্যবসায়ীরা ঘটনার প্রত্যক্ষদর্শী হলেও ভয়ে প্রতিবাদ করেনি। এ ব্যাপারে সাজুর সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। অপরদিকে মসজিদ কমিটির পরিচালক শহীদুল ইসলাম বাবু জানান, মসজিদ পরিচালনার স্বার্থে সভাপতি যে কোন ভূমিকা নিতে পারেন। তবে নুর নবীকে আঘাত করার ব্যাপারে আমার জানা নেই। আহত নুর নবী জানান, হকার ব্যবসায়ীরা মসজিদের গলিতে দোকান খোলার ব্যাপারে আমার কোন ভূমিকা নেই। তবুও তিনি আমার উপর চড়াও হয়ে আমার গায়ে হাত তোলেন।