জনবল বৃদ্ধি প্রয়োজন

রূপগঞ্জে আইন শৃঙ্খলার চরম অবনতি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইন শৃঙ্খলার চরম অবনতি দেখা দিয়েছে। গত এক সপ্তাহে উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৩টি ডাকাতি, ৫টি ছিনতাই, ১৬টি যানবাহনে অগ্নিসংযোগ, ৩২টি যানবাহন ভাংচুর করা হয়েছে। পুলিশের দায়িত্ব নিয়ে এলাকাবাসী চরম হতাশায় ভুগছেন। এদিকে উপজেলার আধুরিয়া থেকে বরপা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসে ডাকাতি নিয়মে পরিণত হয়েছে। জানা গেছে, রূপগঞ্জের ভুলতা ও গোলাকান্দাইল ইউনিয়নের কালী, সাওঘাট ও আধুরিয়া এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা কয়েক লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে গেছে। এদিকে বিএনপিসহ ১৮ দলীয় জোটের ডাকা হরতালে ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় পিকেটারদের দেয়া আগুনে ভস্মীভূত হয় ১৬টি যানবাহন। ভাংচুর করা হয়েছে আরো ৩২টি যানবাহন। গত ১৭ মার্চ রোববার ঢাকা-সিলেট মহাসড়কের সাওঘাট এলাকায় পিকনিকের যাত্রীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশসহ ২২জন আহত হয়। এ সময় পুলিশ ৩৪জনকে আটক করলেও রাতে দেড় লক্ষাধিক টাকার বিনিময়ে ছেড়ে দেয়। এছাড়া নারী নির্যাতন, ধর্ষণ, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক বিক্রেতার সংখ্যা বেড়েই চলছে। রূপগঞ্জে সন্ত্রাসী ও অপরাধীরা এতোদিন আত্মগোপনে থাকলেও গত এক সপ্তাহ ধরে প্রকাশ্যে চলে এসেছে। ম্যানেজ করা হয়েছে পুলিশ প্রশাসনকে। অনেক মামলার আসামিরাও ভুলতা পুলিশ ফাঁড়ির আশপাশে ঘুরে বেড়াচ্ছে। রূপগঞ্জ থানার ওসি জানান, অপরাধ দমনে পুলিশ সর্বদা কাজ করছে। বিভিন্ন এলাকায় কমিটি গঠন করা হচ্ছে। তবে পুলিশের সাথে মাদক ব্যবসায়ীদের সখ্যতা আছে কিনা তাও খতিয়ে দেখা হবে।