তিনটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত ১৩

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ১জন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলা গোপীনাথপুরে ও গোপালগঞ্জ-বাঁশবাড়িয়া সড়কের টুঙ্গিপাড়া উপজেলার লেবুতলা ব্রিজের কাছে এ সড়ক দুর্ঘটনা দু’টি ঘটে। সদর উপজেলা গোপীনাথপুরে দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন দিক দিয়ে পিকআপ ভ্যান ধাক্কা দেয়। পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে হেলপার অজ্ঞাত পরিচয় (২৫) নিহত ও চালক নুরুজ্জামান (৬৫) আহত হয়। গোপালগঞ্জ-বাঁশবাড়িয়া সড়কের টুঙ্গিপাড়া উপজেলার লেবুতলা ব্রিজের কাছে একটি লোকাল বাস নছিমনকে সাইড দিতে নিয়ে খাদে পড়ে ৯ জন আহত হয়। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক। লালপুর (নাটোর) সংবাদদাতা জানান, নাটোর-পাবনা মহাসড়কের লালপুর উপজেলার গোধরা এলাকায় বৃহস্পতিবার নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার খাদে পড়ে যমুনা ব্যাংকের সিরাজগঞ্জ শাখার জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান (৩৮) নিহত এবং তার স্ত্রী আম্বিয়া খাতুন (২৭), ছেলে ফারহান (৭) ও কর্মচারী সোহেল রানা (১৮) আহত হন। সড়ক দুর্ঘটনায় ইত্তেফাক সংবাদদাতা আহত ময়মনসিংহ প্রতিনিধি জানান, ময়মনসিংহ-উত্তরবঙ্গ মহাসড়কের মুক্তাগাছার মনতলা এলাকায় একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে ইত্তেফাক সংবাদদাতা মনোনেশ দাস গুরুতর আহত হয়েছেন । পেশাগত দায়িত্বে যাওয়ার পথে বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে । এই দুর্ঘটনায় সিএনজি চালক নিহত ও আরও ৩ জন আহত হয়েছেন।