দামেস্কে মসজিদে বোমা হামলায় শীর্ষ ইমামসহ নিহত ৪২
প্রকাশ : ২২ মার্চ ২০১৩, ২১:১৯
সিরিয়ার রাজধানী দামেস্কে উমাইয়া শাসনামলে নির্মিত প্রাচীন ইমাম মসজিদে এক বোমা হামলায় মসজিদের ইমামসহ অন্তত ৪২ জন নিহত হয়েছেন।
সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার হামলাটি চালানো হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন ও সরকারবিরোধী আন্দোলনকারীদের পক্ষ থেকে হামলায় ১৫ জন নিহত হয়েছে বলে আগের খবরে জানানো হয়েছিল। টেলিভিশনের পরবর্তী খবরে জানানো হয়েছে, “দামেস্কের কেন্দ্রস্থলের ইমাম মসজিদে এক সন্ত্রাসী আত্মঘাতী হামলা হয়েছে। হামলায় এই প্রাচীন উমাইয়া মসজিদের ইমাম মোহাম্মদ আল বুতিও নিহত হয়েছেন। এই হামলায় ৪২ জন নিহত ও ৮৪ জন আহত হয়েছেন।”
সিরিয়ার বাশার আল আসাদ সরকারের শাসনের বিরুদ্ধে দুইবছর ধরে চলা গৃহযুদ্ধে রাজধানী দামেস্কে হামলা একটি সাধারণ ঘটনায় পরিণত হলেও, মসজিদে হামলা সরকার-বিদ্রোহী দু’পক্ষের জন্যই দুঃখজনক। ৮৪ বছর বয়সী বুতি একজন সুন্নি মুসলিম এবং আসাদপক্ষের একজন কট্টর সমর্থক ছিলেন। তিনি বাশার আল আসাদের পিতা প্রয়াত প্রেসিডেন্ট হাফেজ আল আসাদের জানাজা পড়িয়েছিলেন।
শীর্ষ এই ইমামের সমালোচকেরা তাকে আসাদের ধর্মীয় মুখপাত্র হিসেবে বিবেচনা করতেন। ২০১১ সালের মার্চে আসাদবিরোধী আন্দোলন শুরু হওয়ার পরপরই তিনি চার দশক ধরে সিরিয়া শাসন করে আসা আসাদ পরিবারের প্রতি নিজের সমর্থন জানান। হামলার সময় তিনি ঐ মসজিদে ধর্মীয় ক্লাস নিচ্ছিলেন। বুতির সাথে তার নাতিও নিহত হয়েছে।
আসাদবিরোধী আন্দোলনকারীরা বুতির ওপর অত্যন্ত ক্ষুব্ধ ছিলেন। কারণ তিনি জুমার নামাজের খুতবায় সরকারের পক্ষে কথা বলতেন যা রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হতো। এরকম এক ভাষণে বিদ্রোহীদের তিনি ‘বিপথগামী’ বলে উল্লেখ করেছিলেন। বিদ্রোহীদের পরাজিত করার জন্য সিরিয়ার যুবকদের সেনাবাহিনীতে যোগ দেয়ারও আহ্বান জানিয়েছিলেন তিনি।
সিরিয়ার আল আকবরিয়া চ্যানেলে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, মসজিদের কার্পেটের ওপর বহু ছিন্নভিন্ন দেহ পড়ে আছে আর জরুরি বিভাগের কর্মীরা বেঁচে যাওয়াদের প্রাথমিক চিকিত্সা দেয়ার চেষ্টা করছে। ধ্বংসস্তূপের মধ্যে ছিন্নভিন্ন হাত-পা পড়ে আছে।
হামলায় ১৫ জন নিহত হয়েছে বলে আসাদ সরকারবিরোধী যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ প্রাথমিকভাবে জানিয়েছিল।