হাকিমপুরে ইউপি সদস্যসহ ১০ জনের বিরুদ্ধে চেয়ারম্যানের মামলা

দিনাজপুরের হাকিমপুর উপজেলার ২ নং বোয়ালদাড় ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন ৩ জন ইউপি সদস্যসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন নির্বাচিত হওয়ার পর থেকে ওই ইউপি চেয়ারম্যানের ওপর বিবাদীরা ব্যক্তিগত স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে বেআইনী চাপ প্রয়োগসহ বিভিন্ন প্রকার ষড়যন্ত্র করে আসছেন। গত ২৭ ফেব্রুয়ারি দুস্থ মহিলাদের মাঝে ভিজিডি চাল বিতরণ করার সময় তারা বাধা প্রদান করেন এবং তাদের তালিকা মোতাবেক চাল বিতরণ করার জন্য ইউপি চত্বরে মহড়া প্রদর্শনের মাধ্যমে অরাজকতা সৃষ্টি করেন। পরে চাল লুটপাটের আশংকায় ট্যাগ অফিসার ওইদিন চাল বিতরণ বন্ধ রাখেন। পরদিন আবার দুস্থ মহিলাদের মাঝে চাল বিতরণ শুরু করলে তারা দলবদ্ধ হয়ে লাঠি, হকিস্টিক, লোহার রডসহ হলরুমে গিয়ে চাল বিতরণ আবার বন্ধ করে দেন। চাল বিতরণে বাধা প্রদান করার ফলে ১৭৭ জন দুস্থ মহিলাকে চাল বিতরণ করতে না পারায় চেয়ারম্যান ৩ ইউপি সদস্যসহ ১০ জনের বিরুদ্ধে ১৬ মার্চ দিনাজপুর আদালতে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন।