মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদন্ড

টাকার জন্য নিজের মাকে গলায় কাপড় পেঁচিয়ে হত্যার অভিযোগে ছেলে মোবারককে মৃত্যুদন্ড দেওয়া হয়েছে। গতকাল রবিবার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ ট্রাইব্যুনালের বিচারক বেগম চমন চৌধুরী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সংশি­ষ্ট আদালতের বিশেষ পিপি মো. আনোয়ার শাহাদাত শাওন। আসামির পক্ষে ছিলেন কাজী সালাহ উদ্দিন আহম্মেদ।

২০০৭ সালের ২৪ আগস্ট হাজারীবাগ থানাধানীর ১১০/৫, হাজারীবাগ রোডের বাসায় সাবেক ঢাকা সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মী হনুফা বেগমকে হত্যা করা হয়। ঘটনার পর ২৭ আগস্ট নিহতের ভাই আবদুর রশিদ বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় বলা হয়, বেকার মোবারক টাকার জন্য প্রায়ই মাকে মারধর করতো। ২০০৭ সালের ২৪ আগস্ট বিকালে সে মায়ের কাছে টাকা চায়। টাকা দিতে অস্বীকৃতি জানালে মাকে মারধর করে হত্যার হুমকি দেয়। পরবর্তীতে মোবারক হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয়।

মামলার বিচার চলাকালীন ১২ জন সাক্ষি দিয়েছেন। সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে গতকাল এ রায় দেওয়া হয়।