চীনে টর্নেডোর আঘাতে
২৪ জনের প্রাণহানি
প্রকাশ : ২২ মার্চ ২০১৩, ২১:২০
চীনের দক্ষিণাঞ্চলে টর্নেডোর আঘাতে ২৪ জনের প্রাণহানি ঘটেছে। টর্নেডোর সঙ্গে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে ও একটি ফেরি উল্টে গেছে।
বৃহস্পতিবার ওয়েব পোর্টাল কিউ কিউ ডট কমে বলা হয়েছে, টর্নেডোর কবলে পড়ে চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ ফুজিয়ানের একটি নদীতে ফেরিটি উল্টে যায়। এ ঘটনায় ফেরির ১১ যাত্রীর প্রাণহানি ও ৪ জন নিখোঁজ হয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ের ডংগুয়ানে টর্নেডোর আঘাতে নয়জনের প্রাণহানি ঘটেছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, ডংগুয়ানের ধসে পড়া ভবনগুলোতে বেশ কয়েকটি মৃতদেহ রয়েছে। এ ঘটনায় আরো ১৪৮ লোক আহত হয়েছে। আহতদের মধ্যে ১১জনের অবস্থা গুরুতর। সিনহুয়া জানিয়েছে, টর্নেডোতে এ পর্যন্ত ২৪ জন মারা গেছে। এছাড়া মধ্যাঞ্চলীয় শহর জিয়াংজি, হুনান এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর গুইঝোউয়ে বুধবার ঝড় ও প্রবল বৃষ্টিপাত হয়েছে।
বেসামরিক বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে সিনহুয়া আরো জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগটিতে মোট ১৫ লাখ ৩০ হাজার বাসিন্দা ক্ষতিগ্রস্ত এবং ২ লাখ ১৫ হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে।