পাঁচবিবিতে পানির
দরে বেগুন বিক্রি
২ মণেও এক কেজি চাল মিলছে না
পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা
প্রকাশ : ২২ মার্চ ২০১৩, ২১:২১
২ মণ বেগুন বিক্রি করেও এক কেজি চাল মিলছে না জয়পুরহাটের পাঁচবিবিতে। এমনকি বাজারে বিক্রির জন্য আনা বেগুন কেউ না কেনায় ভ্যানের ভাড়া দেয়ার মত টাকাও মিলছে না কৃষকের। ফলে অনেক কৃষক রাগে ও ক্ষোভে বেগুন বাজারে ফেলে দিয়ে চলে যাচ্ছেন। গত শুক্রবার সকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা সদরের বাজারে গিয়ে এ দৃশ্য চোখে পড়ে। ১৫ থেকে ২০ টাকা মণ দরে বেগুন বিক্রি হচ্ছে বাজারে।
ভানাইকুশলিয়া গ্রামের চাষী মোমিনুল ইসলাম বলেন, সকালের দিকে ১৫ টাকা মণ দরে বিক্রি হলেও এখন তা কেউ কিনছে না। আর কতক্ষণ অপেক্ষা করবো। তাই রাগে ও ক্ষোভে বেগুনগুলো ফেলে দিয়ে যাচ্ছি। রজিব উদ্দিন নামের আরেক কৃষক জানান, বেগুনের আমদানি বেশি হওয়ায় ক্রেতা নেই। ৩৬ টাকা কেজি দরে যেখানে চাল সেখানে ২মণ বেগুনেও এক কেজি চাল কেনা দায় হয়ে পড়েছে।