গোয়ালন্দে প্রধান শিক্ষকের
বাড়িতে দিন-দুপুরে চুরি
গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা
প্রকাশ : ২২ মার্চ ২০১৩, ২১:২২
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলামের বাড়িতে বৃহস্পতিবার দিন-দুপুরে চুরি সংঘটিত হয়েছে। এতে নগদ প্রায় এক লাখ টাকা, দুই ভরি স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী খোয়া গেছে।
প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার বেলা দশটার দিকে তিনি তার চাকরিজীবী স্ত্রী দু’জনেই বাড়ির দরজা-জানালা ভালোভাবে তালাবদ্ধ করে বের হন। ছেলে-মেয়েরাও স্কুলে চলে যায়। এই ফাঁকে কোন এক সময় সংঘবদ্ধ চোরদল বাড়ির পিছন দিকের লোহার জানালার গ্রীল বিশেষ উপায়ে কেটে ভিতরে প্রবেশ করে। প্রধান শিক্ষক দুপুর দেড়টার দিকে খাবারের জন্য বাড়িতে এসে ঘরের তালা খুলে ভিতরের এ অবস্থা দেখতে পান। এ ব্যাপারে বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে গোয়ালন্দঘাট থানার ওসি আবুল বাসার বলেন, অভিযোগ পাওয়ার পর উপ-পরিদর্শক (এস.আই) জাকির হোসেনকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া সন্দেহভাজনদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চলছে।