সংবাদ সংক্ষেপ
প্রকাশ : ২২ মার্চ ২০১৩, ২১:২২
পীরগঞ্জে আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ বেসরকারি সংস্থা ইএসডিও’র ‘প্রেমদীপ’ (প্রমোশন অফ রাইটস ফর এথনিক মাইনোরিটি এন্ড দলিত ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম)-এর উদ্যোগে পীরগঞ্জে গত বৃহস্পতিবার আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস-২০১৩ পালিত হয়। পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা নৃতাত্ত্বিক ও দলিত জনগোষ্ঠী উন্নয়ন ফোরামের সভাপতি মাইকেল হাসদা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ।
আন্তর্জাতিক পানি দিবসে তাড়াশে মানববন্ধন ও আলোচনাসভা
চলনবিল সংবাদদাতা \ আন্তর্জাতিক পানি দিবস উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশ প্রেসক্লাব চত্বরে ১১টা পর্যন্ত ১ ঘণ্টা মানববন্ধন অনুষ্ঠিত হয়। তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গাজী ম ম আমজাদ হোসেন মিলন, তাড়াশ পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব ফজলুর রহমানসহ সাংবাদিক, শিক্ষক, ছাত্র, কৃষক, এনজিওকর্মী এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। এএলআরডি’র আর্থিক সহায়তায় স্থানীয় এনজিও চলনবিল দুঃস্থ মহিলা সংস্থার উদ্যোগে মানববন্ধন শেষে তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজের হলরুমে সিডিএসএস নির্বাচনী পরিচালক আব্দুল মালেকের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
ইসলামপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা \ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ইসলামপুর শাখা কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক প্রতিভা বিকাশ ঘটানোর লক্ষ্যে কনফিডেন্স চাইল্ড কেয়ারের সহযোগিতায় বুধবার সকালে আনন্দঘন পরিবেশে সদারপাড়া আক্রামুজ্জামান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক শিরিনা বেগমের সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র আব্দুল কাদের শেখ।
গৌরনদীতে হত্যা মামলার আসামি গ্রেফতার
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা \ বরিশালের গৌরনদী উপজেলার শরিফাবাদ গ্রাম থেকে বৃহস্পতিবার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সেলিম শিকদারকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, বরিশাল সিনিয়র জুডিশিয়াল ৪র্থ আমলী আদালতে বিচারাধীন হত্যা মামলার আসামি উপজেলার শরিফাবাদ গ্রামের মৃত হারুন শিকদারের পুত্র সেলিম শিকদার দীর্ঘদিন ধরে আত্মগোপন করে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই আলম খানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার শরিফাবাদ গ্রামে অভিযান চালিয়ে আসামি সেলিমকে গ্রেফতার করে।
মৌলভীবাজারে অগ্নিকাণ্ড \ ২ দমকল কর্মী আহত
মৌলভীবাজার প্রতিনিধি \ জেলা শহরের ইসলামবাগ আবাসিক এলাকায় অবস্থিত বদরুন্নেছা প্রাইভেট হাসপাতাল সংলগ্ন হাসপাতালের কর্মচারীদের থাকার একটি সেমিপাকা ভবনে গত বৃহস্পতিবার বিকালে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ভবনটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। আগুনের লেলিহান শিখায় হাসপাতালের মূল ভবনের দক্ষিণ দিকে বেশ কিছু ক্ষতি হয় । দমকল বাহিনী এক ঘণ্টার অধিক সময় চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। এ সময় দমকল বাহিনীর ২ জন সদস্য গুরুত্বর আহত হন।
আগৈলঝাড়ায় দুই গাঁজাসেবী কলেজ ছাত্রের জরিমানা
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা \ বরিশালের আগৈলঝাড়ায় গাঁজা সেবন ও নিজ হেফাজতে রাখার দায়ে বৃহস্পতিবার সকালে দুই কলেজ ছাত্রকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। আদালত সূত্রে জানা গেছে, বুধবার রাতে উপজেলার ফুল¬শ্রী গ্রামের মোশারফ হোসেন পাইকের পুত্র কলেজ ছাত্র আকাশ মাহমুদ (১৮) ও একই গ্রামের আলমগীর খলিফার পুত্র রনি খলিফাকে (১৮) আগৈলঝাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে থানার এসআই শহিদুর রহমান গাঁজা সেবনের সময় গ্রেফতার করে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম তালুকদার গ্রেফতারকৃত উভয়কে দুই মাসের জেল অথবা ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন।
গৌরনদীতে এনজিও সমন্বয় সভা
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা \ বরিশালের গৌরনদী উপজেলার বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার প্রধানদের নিয়ে বৃহস্পতিবার সকালে এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার শেখ মো. জহিরুল ইসলাম, সিসিডিবি’র এরিয়া ম্যানেজার অমরীয় সরকার, অর্গানাইজেশন ফর সোশ্যাল ডেভেলপমেন্টের (ওএসডি) নির্বাহী পরিচালক প্রেমানন্দ ঘরামী, উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক এইচএম শাহজাহান কবীর প্রমুখ।
রায়পুরায় পিএসটিসি’র র্যালি ও আলোচনাসভা
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা \ নারীর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধ ও নির্মূল করার লক্ষ্যে স্বাস্থ্য অধিকার প্রকল্প (পিএসটিসি) রায়পুরা উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার এক র্যালি বের করে। র্যালিটি অলিপুরা ইউপি চত্বর থেকে বের হয়ে আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইউপি চত্বরে এসে শেষ হয়। পরে বিকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ সভায় বাংলাদেশ ক্লায়েন্টস এসোসিয়েশন রায়পুরা উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ শফিউল আজম কাঞ্চনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আলী আহমেদ দুলু।
মধুখালীতে গবাদি পশুপালন বিষয়ক প্রশিক্ষণ
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা\ মধুখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে খ্রীষ্টান সার্ভিস সোসাইটি আয়োজনে এম সি পি মধুখালী শাখার ৫০জন নারী জনগোষ্টিকে নিয়ে ৬ দিনব্যাপি ২টি দলে গবাদি পশু পালন প্রশিক্ষণ গত বৃহস্পতিবার শেষ হয়েছে। প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, প্রকল্পের মাঠ কর্মকর্তা মিল্টন বাড়ৈ।
মহামান্য রাষ্ট্রপতির মৃত্যুতে হোসেনপুর প্রেসক্লাবের শোক
হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ ১৯৭১সনের মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক, কিশোরগঞ্জের কৃতি সন্তান মহামান্য রাষ্ট্রপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট. মোঃ জিল্লুর রহমানের মৃত্যুতে বৃহস্পতিবার হোসেনপুর প্রেসক্লাব সভাপতি ও সাপ্তাহিক হোসেনপুর বার্তা পত্রিকার সম্পাদক প্রদীপ কুমার সরকার,প্রবীণ সাংবাদিক এমএ মতিন মাষ্টার,সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন মানিক সাংবাদিকবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
কুমিল্লায় দু’দিনব্যাপী স্বাধীনতা উত্সব
কুমিল্লা প্রতিনিধি\ ‘মুক্তিযুদ্ধ আমাদের অহংকার’- এ শ্লে¬াগানকে ধারণ করে গতকাল শুক্রবার থেকে কুমিল্লায় শুরু হয়েছে ২ দিনব্যাপী স্বাধীনতা উত্সব-২০১৩। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন ইউনিভার্সিটি ক্লাব-কুমিল্লার আয়োজনে কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে এ উত্সবের আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে বীর মুক্তিযোদ্ধা সম্মাননা (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাংকন-আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতা, চলচ্চিত্র প্রদর্শনী, মেলা, প্রকাশনা উত্সব ও সাংস্কৃতিক পরিবেশনা।
ছাগলনাইয়ায় যুবদল ও ছাত্রদলের সম্মেলন অনুষ্ঠিত
ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা\ ছাগলনাইয়া পৌরসভার ৪নং ওয়ার্ড যুবদল ও ছাত্রদলের সম্মেলন গতকাল শুক্রবার উত্তর পানুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সম্মেলনে যুবদলের সভাপতি কাজী মোঃ সিরাজ উদ্দৌলা কিরন, সাধারন সম্পাদক মোঃ আবুল হাশেম ও সাংগঠনিক সম্পাদক পদে মোঃ জিয়াউর রহমান নির্বাচিত হয়েছেন। ছাত্রদলের সভাপতি মোঃ ওসমান, সাধারন সম্পাদক মোঃ মহি উদ্দিন সুফল ও সাংগঠনিক সম্পাদক পদে আবু তৈয়ব ফয়সল নির্বাচিত হয়েছেন। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির আহাম্মদ খোকনের সভাপতিত্বে এবং আমিনুল হক টুকুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব নুর আহাম্মদ মজুমদার।
বিশ্ব পানি দিবস পালিত
মৌলভীবাজার প্রতিনিধি\ ৮ মার্চ “পানি সহযোগীতা” প্রতিবাদ্য নিয়ে মৌলভীবাজার জেলার ৭টি উপজেলায় গতকাল শুক্রবার বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। বিশ্ব পানি দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক,রাজনৈতিক এনজিও সংগঠন ব্যাপক কর্মসূচী গ্রহণ করে। কর্মসূচীর মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা, সিমেমাজিয়াম ইত্যাদি। মৌলভীবাজার শহীদ মিনার থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে সকাল ১০টায় এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক দক্ষিণ করে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ কামাল পাশার সভাপতিত্বে সিম্পোজিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান।
কুমিল্লায় ঘাদানিকের সভা
কুমিল্লা প্রতিনিধি\ ‘মুক্তিযুদ্ধের চেতনা, যুদ্ধাপরাধীদের বিচার’- এ শ্লে¬াগানকে ধারণ করে যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে এবং ২৫ মার্চ কালোরাত্রি উদযাপনের লক্ষ্যে কুমিল্লা টাউন হলের সম্মেলন কক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি (ঘাদানিক) কুমিল্লা জেলা শাখার সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘাদানিক কুমিল্লা জেলা শাখার সভাপতি অ্যাড. হাবিব উল্যাহ চৌধুরীর সভাপতিত্বে ওই সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ সফিকুর রহমান, হুমায়ুন কবির মজুমদার, জহিরুল হক দুলাল, আব্দুল মমিন, মনিরুল ইসলাম প্রমুখ।
পটিয়ায় দুই ছিনতাইকারীকে পুলিশে দিল জনতা
পটিয়া(চট্টগ্রাম) সংবাদদাতা\ চট্টগ্রামের পটিয়ায় মহিম (২৮) ও করিমউদ্দিন (২৪) নামের দুই ছিনতাইকারীকে পুলিশে দিল জনতা। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের প্রবাসী মফিজুর রহমান পটিয়া সদরের একটি ব্যাংক থেকে এক লক্ষ ঊনিশ হাজার টাকা তুলে সিএনজি টেক্সিযোগে বাড়ি ফেরার পথে বাদামতল এলাকায় গতিরোধ করে ছিনতাইকারীরা টাকাগুলো ছিনতাই করে। পরে মফিজুর রহমানের চিত্কারে স্থানীয় গ্রামবাসী এগিয়ে এসে দুই ছিনতাইকারীকে হাতেনাতে ধরে ফেললেও অন্য ৪ ছিনতাইকারী পালিয়ে যায়।
আশুগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
আশুগঞ্জ সংবাদদাতা\ ব্রা?হ্মণবাড়িয়া আশুগঞ্জ প্রেসক্লাবের এক সাধারণ সভা গত বুধবার রাতে ক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সভাপতি মোঃ আক্তারুজ্জামান রঞ্জনের সভাপতিত্বে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক সেলিম পারভেজ, সহ-সভাপতি মোঃ মোজাম্মেল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আবু আব্দুল্লাহ, সাদেকুল ইসলাম সাচ্চু প্রমুখ। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে কার্যকরি কমিটি বিলুপ্ত ঘোষণা করে দৈনিক একুশে আলোর নির্বাহী সম্পাদক মোঃ মোজাম্মেল হককে আহবায়ক ও দৈনিক সংবাদ পত্রিকার স্থানীয় প্রতিনিধি মোঃ শফিকুল ইসলামকে সদস্য সচিব করে ৫ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।