সত্তর দশকের সাত শিল্পীর চিত্রকলা প্রদর্শনী

ধানমণ্ডির বেঙ্গল শিল্পালয়ে সত্তরের দশকের সাতজন বিশিষ্ট শিল্পীর ‘সত্তরের সাত’ শীর্ষক দলগত চিত্রকলা প্রদর্শনী শুরু হয়েছে। সত্তরের দশকের সাতজন শিল্পী সৃজনধারায় বৈচিত্র্য ও নবমাত্রা সঞ্চারে উদযোগী ছিলেন। এই সময়টি ছিল বাংলাদেশের রাজনৈতিক-সামাজিক জীবনে খুবই তাত্পর্যময় সময়। জাতিগত স্বাতন্ত্র্যবোধের প্রবল চেতনা যে কোনো সৃজনশীল মানুষকে করে তুলেছিল নির্মাণ ও সৃষ্টি উন্মুখ। সামাজিক অঙ্গীকার সেই সময়ের শিল্পীদের করে তুলেছিল আবেগতাড়িত। সত্তরের দশকের সৃজনশীল শিল্পী বলেই হয়তো এঁদের সৃষ্টিগুচ্ছে, এঁদের শিল্পচৈতন্যে ও ভাবনায় এক সাযুজ্য আছে। অঙ্গীকারের চেতনা ও সুন্দরের আবাহনে এই চেতনা আমাদের মধ্যে বৃহত্তর এক বোধ সৃষ্টি করে। প্রদর্শনীতে স্থান পাওয়া শিল্পীরা হলেন- আলমগীর হক, ফরিদা জামান, নাইমা হক, নাসিম আহমেদ নাদভী, সাধনা ইসলাম, শওকাতুজ্জামান এবং টি এ কামাল কবীর। শুক্রবার সন্ধ্যায় বেঙ্গল শিল্পালয়ে প্রধান অতিথি হিসেবে নয়দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। বিশেষ অতিথি ছিলেন বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা। প্রদর্শনীতে ৭ জন শিল্পীর ৮টি করে মোট চিত্রকর্মের সংখ্যা ৫৬টি । প্রদর্শনী চলবে ৩০ মার্চ পর্যন্ত।