হারবাল উত্তেজক ওষুধ থেকে সাবধান!
প্রকাশ : ২২ মার্চ ২০১৩, ২১:৪৫
বাজারে প্রাপ্ত বিভিন্ন ধরনের হারবাল উত্তেজক ওষুধ নিয়ে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান এফডিএ বা ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিট্রেশন সাধারণ মানুষকে সতর্ক করে দিয়েছে। এসব হারবাল উত্তেজক ওষুধ যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে অনলাইনে বিক্রি হয়। এফডিএ তাদের পরীক্ষায় এমনই হারবাল ওষুধের নমুনায় দেখতে পায়। এসব ওষুধ হারবাল বা ফুড সাপ্লিমেন্ট বলা হলেও এসব হারবাল উত্তেজক ওষুধের মধ্যে গোপনে মিশানো হচ্ছে ভায়াগ্রা জাতীয় উত্তেজক ওষুধের উপাদান। এফডিএ এ ধরনের তিনটি হারবাল উত্তেজক ওষুধের এ নমুনা পরীক্ষা করে দেখতে পায় এসব তথাকথিত হারবাল ওষুধের মধ্যে মিশানো হয়েছে হাইড্রোক্সিথায়োহোমোসিল-ডেনাফিল। আর এই উপাদানটি ভায়াগ্রা তৈরির উপাদান সিলডেনাফিলের অনুরূপ। আর ভায়াগ্রা জাতীয় ওষুধ চিকিত্সকের পরামর্শ ব্যতীত সেবন করা যায় না। এতে হার্ট অ্যাটাকসহ নানা জটিলতা সৃষ্টি হতে পারে। কিন্তু সাধারণ সরলপ্রাণ মানুষ হারবাল অথবা ফুড সাপ্লিমেন্ট নিরাপদ মনে করে এসব উত্তেজক ওষুধ সেবন করে। এছাড়া যাদের হার্ট ডিজিজ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও উচ্চ কোলেস্টেরল আছে তারা প্রায়শই নাইট্রেট জাতীয় ওষুধ সেবন করে থাকেন। আর নাইট্রেট এবং উত্তেজক ওষুধ একসঙ্গে সেবনে নানা জটিলতাসহ মৃত্যুর ঝুঁকি পর্যন্ত থাকে। এফডিএ আরও বলেছে, বাজারের সব হারবাল বা ফুড সাপ্লিমেন্ট পরীক্ষা করা সম্ভব নয়। তাই যারা এসব সেবন করতে চান তাদের চিকিত্সকের পরামর্শ ব্যতীত সেবন করা উচিত নয়। উল্লেখ্য, বাংলাদেশেও চোরাপথে এসব উত্তেজক ওষুধ চলে আসছে। এমনকি দেশের ২/১টি অসাধু কোম্পানি ভায়াগ্রার উপাদান মিশিয়ে হারবালের নামে উত্তেজক ওষুধ তৈরি করছে। কিন্তু আমাদের দেশে এ ধরনের হারবাল ও ফুড সাপ্লিমেন্ট নিয়ন্ত্রণের কেউ নেই। তাই ব্যাপক জনগোষ্ঠীর জীবন হুমকির সম্মুখীন হচ্ছে। এব্যাপারে সরকারের স্বাস্থ্য বিভাগের নজর দেয়া উচিত।