স্বাধীনতা বিরোধীরা ফেত্না সৃষ্টির অপতত্পরতা চালাচ্ছে :ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ শাহজাহান মিয়া বলেছেন, ৩০ লাখ মানুষের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, তা ব্যর্থ করতে স্বাধীনতা বিরোধীরা এখনো সোচ্চার। যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে স্বাধীনতাবিরোধীরা সমাজে ফেতনা সৃষ্টি করতে তত্পরতা চালিয়ে যাচ্ছে। তিনি শুক্রবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, সমাজে যাতে সবাই শান্তিতে বসবাস করতে পারে সে লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে। এসময় সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করার জন্যও মন্ত্রী আহবান জানান। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নসের গভর্নর র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান চৌধুরী, সাবেক সচিব সিরাজ উদ্দিন আহমদ ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল।