অভয়নগরে মাছের ঘের লুট চার শতাধিক গাছ কর্তন

যশোরের অভয়নগর উপজেলায় গতকাল শুক্রবার একটি মাছের ঘেরের ছয় লক্ষ টাকার মাছ লুট ও চারশ গাছ দুর্বৃত্তরা কেটে ফেলেছে। এছাড়াও ঘেরের পাড়ে থাকা একটি ঘর ভাংচুর করে অগ্নিসংযোগ করা হয়। পূর্বশত্রুতার জের ধরে উপজেলার প্রেমবাগ রুপ সনাতন ধাম সংলগ্ন শাহরিয়াদ হোসেন রিন্টুর মাছের ঘেরে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার প্রেমবাগ রুপ সনাতন ধাম এলাকায় শাহরিয়াদ হোসেন রিন্টু গত ১৩ বছর ধরে তার কেনা জমিতে মাছের ঘের করে মাছ চাষ করে আসছিল। সমপ্রতি ওই ঘেরের মালিকানা নিয়ে প্রেমবাগ গ্রামের দাইপাড়া এলাকার কালু বিশ্বাস ও তার দলের সাথে বিরোধ দেখা দেয়। এরই জের ধরে কালু বিশ্বাসের নেতৃত্বে ৪০/৪৫ জন লোক ধারালো অস্ত্রসহ গতকাল ভোরে ওই মাছের ঘেরে হামলা চালায়। এ সময় তারা মাছের ঘেরের কেয়ারটেকার প্রেমবাগ গ্রামের আব্দুল মান্নানকে (৭০) মারধর করে ঘের থেকে বের করে দেয়। কেয়ারটেকার আব্দুল মান্নান বলেন, দুর্বৃত্তরা তাকে মারধর করে বের করে দিয়ে মাছের ঘেরের পাড়ের পাকা ঘরটি ভাংচুর করে অগ্নিসংযোগ করে। এছাড়াও ঘের পাড়ের বিভিন্ন ধরনের চারশ গাছ কেটে ফেলে ও মাছের ঘেরে জাল দিয়ে ৬ লক্ষ টাকার মাছ লুট করে নিয়ে যায়। ঘের মালিক শাহরিয়াদ হোসেন রিন্টু বলেন, সমপ্রতি একটি চক্র আমার মাছের ঘেরের জমির মালিকানা দাবি করে আদালতে একটি মামলা করেছে। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। এর মধ্যে তারা গতকাল আমার মাছের ঘেরে হামলা করে ২০ লক্ষ টাকার ক্ষতি করেছে। আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি। স্থানীয় ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম মান্নু বলেন, বিষয়টি জানার পর আমিসহ স্থানীয় ইউপি সদস্য শওকত হোসেন ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা ও মাছ ধরা থেকে বিরত থাকতে বলেছি। তারপরও তারা বেশ কিছু গাছ কেটে সরিয়ে ফেলেছে বলে শুনেছি।