দোহারে স্কুল ছাত্রকে পিটিয়ে
গুরুতর আহত করেছেন
যুবলীগ নেতা
প্রকাশ : ২২ মার্চ ২০১৩, ২১:৫৯
ঢাকার দোহার উপজেলায় নারিশা পশ্চিম চর এলাকায় তুচ্ছ ঘটনার জের ধরে ষষ্ঠ শ্রেণির স্কুল ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করেছেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বশির আহম্মেদ। ছাত্রকে বাঁচাতে গিয়ে আছেলা বেগম ও মোতালেব ফকির নামে দু’জনকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার নারিশা ইউনিয়নের নারিশা পশ্চিমচর গ্রামে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বশির আহম্মেদ পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে স্তূপ করে রাখেন। স্কুল ছাত্র মো.জাকির হোসেন স্তূপকৃত বালু নিয়ে খেলা করছিল। সে সময়ে স্তূপের পাশ দিয়ে যাওয়া বশির ক্ষিপ্ত হয়ে জাকিরকে এলোপাতাড়ী কিল-ঘুসি ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। তার ডাক চিত্কারে স্থানীয়রা এগিয়ে আসলে আছেলা বেগম ও মোতালেব ফকির নামে আরো দু’জনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন তিনি। আহত জাকিরকে গুরুতর অবস্থায় দোহার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এঘটনায় এলাকায় ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। তবে তার ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে পারছে না।
স্থানীয়রা অভিযোগ করেন, বশির ক্ষমতাশীন দলের নাম ভাঙ্গিয়ে এলাকাবাসীকে জিম্মি করে বিভিন্ন অপতত্পরতা চালিয়ে যাচ্ছে। দোহার থানার ওসি (তদন্ত) কামরুল ইসলাম মিয়া জানান, বিষয়টি শুনেছি তবে কেউ অভিযোগ নিয়ে আসেনি।