গাজীপুর জেলা নির্বাচন কার্যালয়ে আগুন ব্যাপক ক্ষয়ক্ষতি

গাজীপুর জেলা নির্বাচন কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৩০টি ল্যাপটপসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ও অন্যান্য মালামাল পুড়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা শহরের রাজবাড়ির জেলা প্রশাসন কার্যালয় ভবনে অবস্থিত নির্বাচন অফিসে গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে গাজীপুর ফয়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র, কম্পিউটার সামগ্রী, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। খবর পেয়ে জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ড. দেওয়ান মো. হুমায়ুন কবিরসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সেবাস্টিন রেমাকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তাত্ক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা হাসানুজ্জামান জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় অফিসে কোনো লোকজন ছিল না। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এ ব্যাপারে জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে।