সিলেটে ২২ ফেব্রুয়ারির সংঘর্ষে আহত আরো একজনের মৃত্যু

‘শাহবাগ আন্দোলনের ব্লগাররা ইসলাম ধর্ম অবমাননা করেছে’ এমন দাবিতে গত ২২ ফেব্রুয়ারি সিলেটে তৌহিদী জনতার বের করা প্রতিবাদ মিছিলে সংঘর্ষের ঘটনায় আরো একজনের মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন শিক্ষক ও জামায়াত সমর্থক বলে জানা গেছে। নিহতের নাম ক্বারী এম এ মাহফুজুর রহমান (৪০)। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ নিজাম ইবনে দলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মাহফুজুর রহমান সিলেট নগরীর বাগবাড়ী এলাকায় বসবাস করতেন। গত বৃহস্পতিবার রাতে নগরীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান বলে কতোয়ালি থানার ওসি জানান। এ নিয়ে ওই ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হলো। ঘটনার দিন গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিল কলেজ ছাত্র তাহমিদ মুর্শেদ। কয়েক দিন পর চিকিত্সাধীন অবস্থায় মারা যান গুলিবিদ্ধ ব্যবসায়ী আব্দুর রহমান সুহিন। পুলিশ জানায়, সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলার অন্যতম আসামি ছিলেন মাহফুজুর রহমান। আহত হওয়ার পর প্রথম দিকে তিনি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন থাকলেও পরে গ্রেফতার এড়াতে সেখান থেকে চলে গিয়ে একটি ক্লিনিকে ভর্তি হন।