বনানীতে নিজ বাসার বারান্দায় বিশ্ববিদ্যালয় ছাত্র গুলিবিদ্ধ

রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় নিজ বাসার বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় নিসানুল হক চৌধুরী (২০) নামে এক ছাত্র গুলিবিদ্ধ হয়েছেন। তিনি ?উত্তরার শান্তা মারিয়া বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইনের প্রথম বর্ষের ছাত্র। নিসানুল বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার ২/৩ নম্বর রোডের ১০ নম্বর বাড়িতে থাকেন। গুলিবিদ্ধ নিসানুল হক জানান, বেলা ১২টার দিকে ৪ তলার বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাত্ একটি গুলি তার ডান পায়ের পাতায় এসে লাগে। তবে গুলিটি কিভাবে এখানে এসে লাগে এ বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি। পরে আহত অবস্থায় তার নিকট আত্মীয় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। জরুরী বিভাগের চিকিত্সকরা তার পায়ের পাতা থেকে একটি গুলি বের করেন। ঢাকা মেডিক্যালের পুলিশ ক্যাম্পের ইনচার্য মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, নিসানুল হকের ডান পায়ের পাতা থেকে একটি গুলি বের করা হয়েছে। তবে কিভাবে গুলি লেগেছে তা তারা বলতে পারেননি। গুলির ঘটনাটি বনানী থানাকে অবগত করা হয়েছে।