কুমিল্লায় সড়ক দুর্ঘটনা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে
৫০ কিলোমিটার যানজট
প্রকাশ : ২২ মার্চ ২০১৩, ২২:৩৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় শুক্রবার সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ থেকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড পর্যন্ত দীর্ঘ ৫০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এ যানজটে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
দাউদকান্দির ইলিয়টগঞ্জ হাইওয়ে ও ময়নামতি হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ভোররাতে কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়ার নিকট একটি ট্রাক মহাসড়কে উল্টে যায়। এছাড়া ময়নামতি আমতলি হাইওয়ে থানার নিকট ট্রাক-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষ হয়। ময়নামতি হাইওয়ে থানার ওসি মো. মশিউর রহমান জানান, সড়ক দুর্ঘটনা, মহাসড়কের ওপর নিমসার কাঁচাবাজার, ট্রাক ও কভ্যার্ডভ্যান চালকদের মহাসড়কে গাড়ি রেখে ঘুমিয়ে পড়ায় যানজটের সৃষ্টি হয়। ময়নামতি হাইওয়ে থানা, গৌরীপুর পুলিশ ফাঁড়ি, দাউদকান্দি মডেল থানা ও ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির পুলিশ দুপুরে যানবাহন চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে।