ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের অস্থায়ী কর্মচারীরা স্থায়ীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। গতকাল রবিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বার্ন ইউনিটের চতুর্থ তলায় সমন্বয়ক ডা. সামন্তলাল সেনের কক্ষের সামনে তাঁরা এই অবস্থান কর্মসূচি পালন করেন।
বার্ন ইউনিটের কর্মচারী জীবন মিয়া বলেন, আমরা বার্ন ইউনিট প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিনা চাকরিতে, বিনা বেতনে কাজ করে আসছি। দীর্ঘদিন ধরে আমরা আমাদের চাকরি স্থায়ীকরণের দাবি করে আসছি। এর আগেও কয়েক দফায় আন্দোলন, কর্মসূচি করেছি। আশ্বাসেও কোনো সমাধান না হওয়ায় আজ এ অবস্থান কর্মসূচি পালন করছি। আজও এই কর্মসূচি পালন করা হবে।
ঢামেক বার্ন ইউনিট সমন্বয়ক ডা. সামন্তলাল সেন বলেন, গত ১০ বছর ধরে তাদের চাকরি স্থায়ীকরণের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। তাদের কর্মসূচি যৌক্তিক। তাদের সঙ্গে আজও কথা বলেছি। তাদের বলেছি, আমরা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকছে না। আজকের এই বিষয়টি নিয়ে আবারও আমরা কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করব।