আপিল করলেন কামরুজ্জামান কামু
প্রকাশ : ২৩ মার্চ ২০১৩, ১৯:৩৯
কবি ও নির্মাতা কামরুজ্জামান কামুর প্রথম চলচ্চিত্র ‘দি ডিরেক্টর’ সেন্সর বোর্ড আটকে দেয় গত ২৫ ফেব্রুয়ারি। তারই পরিপেক্ষিতে নির্মাতা কামু ছবিটির সেন্সর ছাড়পত্রের জন্য আপিল করেছেন গত ২১ মার্চ সকালে। কামু বলেন, ‘আমি আসলে মানুষকে আমার ছবিটা দেখাতে চাই। এটা আমার ছবি, আমার ভাষার ছবি, আমার প্রেম ও আবেগের ছবি। এটা নতুন সময়ের ছবি। এ ছবি মানুষকে দেখানো দরকার। নতুন দিনের সিনেমার বিকাশে সরকার নানা পদক্ষেপ নিয়েছে ইতোমধ্যেই। ডিজিটালে ছবি নির্মাণের যে সুযোগ এসেছে, আমি মনে করি এর মধ্য দিয়ে বাংলাদেশের সিনেমায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। বিচিত্র ধরনের গল্পে আর নিরীক্ষায় ভরে উঠবে বাংলাদেশের সিনেমার ইতিহাস। এই মুহূর্তে তরুণ প্রজন্মের চলচ্চিত্রকে অবদমিত না করে অনুপ্রাণিত করা হবে, এমনটাই আমরা আশা করি সরকারের কাছে। আমি আশা করছি, আপিল বোর্ড আমার ছবিটির প্রতি সংবেদনশীল থাকবেন, এবং সময়ের দাবিকে সুবিবেচনায় নিয়ে ছবিটিকে সেন্সর সার্টিফিকেট দেওয়া হবে।’ তবে আপিলের রায় পেতে মাস খানেক সময় লেগে যেতে পারে বলে জানান পরিচালক। কামরুজ্জামান কামুর চিত্রনাট্য ও পরিচালনায় ‘দি ডিরেক্টর’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পপি, মারজুক রাসেল, মোশররফ করিম, তানভীন সুইটি প্রমুখ।