পুতিন ভালো বন্ধু:চীনা
প্রেসিডেন্ট জিনপিং
প্রকাশ : ২৩ মার্চ ২০১৩, ২০:৩৫
রাশিয়ায় প্রথম সফরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভাল বন্ধু বলে সম্বোধন করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রথম বিদেশ সফরের জন্য চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতিবেশী পরাশক্তি রাশিয়াকে বেছে নেয়া এবং পুতিনকে বন্ধু হিসাবে স্বাগত জানানো যুক্তরাষ্ট্রকে এ বার্তাই দিচ্ছে যে, বিশ্বের বড় দু’টি দেশ চীন-রাশিয়া একাট্টা হয়ে ওয়াশিংটনের বিপরীতে অর্থনৈতিক এবং ভূরাজনৈতিক দিক থেকে একটি শক্তিতে পরিণত হওয়ার চেষ্টা নিচ্ছে। পুতিন বরাবরই বিদেশে যুক্তরাষ্ট্রের প্রভাব খর্ব করার চেষ্টা চালিয়ে এসেছে। অন্যদিকে চীনও এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক প্রভাব-প্রতিপত্তির সঙ্গে এঁটে ওঠার চেষ্টা নিয়েছে। ক্রেমলিনে অভ্যাগত প্রথম এ অতিথিকে লালগালিচা সংবর্ধনা দিয়ে স্বাগত জানিয়েছেন পুতিন। জিনপিংয়ের সঙ্গে হাসিমুখে করমর্দন করে তার সঙ্গে আলোচনার শুরুতে পুতিন বলেন, বিশ্ব রাজনীতিতে রাশিয়া-চীন সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ।
জিনপিংয়ের সফর এ সম্পর্ককে বেগবান করবে বলে পুতিন আশা প্রকাশ করেন। ওদিকে জিনপিং পুতিনের সঙ্গে তার বৈশিষ্ট্যের নানা মিল আছে উল্লেখ করে বলেন,“আমরা একইভাবে কথা বলি, আমরা দু’জনই ভাল বন্ধু।” বৈঠকে জ্বালানি ও বিনিয়োগ নিয়ে আলোচনা করার কথা রয়েছে দুই প্রেসিডেন্টের। এক রাষ্ট্রীয় সফরে শুক্রবার সস্ত্রীক মস্কোয় যান জিনপিং।