সুন্দরগঞ্জে হায়-হায় কোম্পানি
মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে উধাও
সুন্দরগঞ্জ(গাইবান্ধা) সংবাদদাতা
প্রকাশ : ২৩ মার্চ ২০১৩, ২১:৪০
চাকরি দেয়ার নামে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে এ.আর এক্সপ্রেস কুরিয়ার সার্ভিস মত্স্য প্রকল্প নামধারী এক হায়-হায় কোম্পানি উধাঁও হয়েছে।
জানা গেছে, উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের সাইফুল ইসলাম ও তার স্ত্রী সীজন আক্তার পাপড়ি এ.আর এক্সপ্রেস কুরিয়ার সার্ভিস মত্স্য প্রকল্প নামে এক প্রতিষ্ঠান স্থাপন করে ধর্মপুর ও সুন্দরগঞ্জে অফিস নিয়ে সাইনবোর্ড ঝুঁলিয়ে দেয়। তারা ওই প্রতিষ্ঠানে বিভিন্ন পদে চাকরি দেয়ার নামে জামানত হিসেবে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে ৩০ থেকে ৫০ হাজার টাকা নিয়ে নিয়োগপত্র প্রদান করে। এভাবে ওই প্রতিষ্ঠানের কর্ণধার দম্পতি ১৩ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয় এবং রাতারাতি প্রতিষ্ঠানের সমুদয় সম্পদসহ উধাঁও হয়ে যায়। ভুক্তভোগী শফিকুর রহমান, জাহাঙ্গীর আলম, নাহার বেগম, জিল্লুর রহমান ও শাহ-আলম জানান, প্রতারক দম্পতি তাদের মত নিরীহ ৩০-৪০জনের নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। ভুক্তভোগীরা জামানতের টাকা ফেরত পাবার জন্য জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েও কোন প্রতিকার পাচ্ছে না। তাদের ০১৯৪৬-৮৬২৩৮২ নম্বর মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়। শ্রীপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম রাজা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযুক্ত দম্পতিকে একাধিকবার নোটিশ দিয়ে সালিশ বৈঠকে উপস্থিত থাকতে বলা হলেও তারা হাজির হয়নি।