মুরাদনগরে ১০ প্রবাসীর বাড়িতে সন্ত্রাসী হামলা

কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের ১০ প্রবাসীর বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাংচুর ও মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার দুপুরে ওই ইউনিয়নের রোয়াচালা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানায়, এলাকার একটি চি?হ্নিত সন্ত্রাসী চক্র ওই গ্রামের সৌদি প্রবাসী আলম মিয়া, নসু মিয়া, জামান মিয়া, নজরুল ইসলাম, সাদ্দাম হোসেন, মালয়েশিয়া প্রবাসী আলাউদ্দিন, মালদ্বীপ প্রবাসী চানু মিয়া, সরু মিয়া ও এলাহী মিয়ার পরিবারকে দীর্ঘদিন যাবত্ নানাভাবে হয়রানি করে আসছিল। এ নিয়ে প্রবাসী পরিবারের পক্ষ থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা করা হয়। মামলার পর সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে এ ঘটনা ঘটায়। ক্ষতিগ্রস্ত প্রবাসী পরিবারের সদস্য ময়নাল হোসেন জানান, এলাকার বখাটে যুবক সাগর, বাদশা, আলী আকবর, আলিম, আ. হাকিম, ফরিদ, মঙ্গল ও আমজাদের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাড়িতে সশস্ত্র হামলা চালায়। এসময় প্রাণ বাঁচাতে আমরা দৌড়ে অন্যত্র পালিয়ে গেলে তারা বাড়ি-ঘর ভাংচুর করে ও প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে। পুনরায় হামলা ও নারীদের ওপর নির্যাতনের ভয়ে গ্রামের প্রবাসী পরিবারের সদস্যরা পাশের গ্রামে আশ্রয় নিয়েছে। এব্যাপারে শ্রীকাইল ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাশেম বেগ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ঘটনার পর কোন পক্ষই আমার কাছে আসেনি। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। মামলার প্রস্তুতি চলছে।