ফুলপুরে দুইটি শ্যালো ইঞ্জিন চুরি

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের লাউয়ারি গ্রামের একইস্থান থেকে ইরি-বোরো আবাদের দুইটি শ্যালো ইঞ্জিন এক মাসের ব্যবধানে চুরি হয়েছে। ঐ গ্রামের ওহেদ আলীল পুত্র সিদ্দিকুর রহমানের প্রথম ইঞ্জিনটি চুরি হয় এক মাস আগে। পরে তিনি বোরো আবাদ বাঁচানোর জন্য ধার-দেনা করে ঐ স্থানে আরেকটি ইঞ্জিন বসান। শুক্রবার রাতে ঐ ইঞ্জিনটিও চুরি হওয়ায় তিনি চরম বিপাকে পড়েছেন। ডিজেলচালিত শ্যালো ইঞ্জিনের আওতায় তিনি চলতি ইরি-বোরো মৌসুমে ছয় একর জমিতে ধানের চাষাবাদ করেছেন। সিদ্দিকুর রহমান জানান, প্রথম ইঞ্জিনটি চুরি হওয়ার পর থানায় অভিযোগ করেন। কিন্তু পুলিশ তার চুরি যাওয়া ইঞ্জিনটি উদ্ধারের আগেই আরেকটি ইঞ্জিন চুরি হওয়ায় হতাশ হয়ে পড়েছেন। শনিবার সকালে থানায় দ্বিতীয়বার ইঞ্জিন চুরির বিষয়টি থানায় অবহিত করেছেন।