রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত

রাজশাহীর পুঠিয়াও গোদাগাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় পুঠিয়ার ঝলমলিয়া ইক্ষুক্রয় কেন্দ্রের সামনে মাটিবাহী ট্রাক্টর ও নসিমনের সংঘর্ষে নছিমন যাত্রী মেসপাড়ার নগেন্দ্রনাথ মণ্ডলের মেয়ে আদরী রানী (১৯), ছোটসেনবাগের শাজাহান আলীর মেয়ে নাছিমা খাতুন (১৯) ও নাটোরের নলডাঙ্গার ডিআর কাজীপুরের সাইদুল ইসলামের মেয়ে তানিয়া (৭)। নিহত আদরী ও নাছিমা পুঠিয়া মহিলা ডিগ্রী কলেজের ছাত্রী। এ ঘটনায় শাজাহান (৫০), তাহের (৬০), আব্দুল মান্নান (৫৫) ও বানেছা বেগম আহত হন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় গোদাগাড়ীর রাজাবাড়িহাট এলাকায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী চন্ডীপুরের টগোয়া ঘোষের ছেলে সুকল চন্দ্র ঘোষ (৪২) ও চাঁপাইনবাবগঞ্জের আব্দুল আলীম (৩০) নিহত হয়। পুলিশ জানায়, মোটরসাইকেল ও সিমেন্ট বোঝাই ঘাতক ট্রাক (ঢাকা মেট্রো-ট- ১১-৩৪৮৪) উভয়ই রাজশাহী যাচ্ছিল। এ ঘটনায় প্রায় ৩০ মিনিট সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। গোদাগাড়ী থানার ওসি অহিদুল ইসলাম জানান, কেউ অভিযোগ না করায় থানায় ইউডি মামলা হয়েছে।