পাংশায় বিএডিসির বীজ উত্পাদন সন্তোষজনক

রাজবাড়ীর পাংশায় বিএডিসির বীজ উত্পাদন খামারটিতে বিগত কয়েক বছর উত্পাদন লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও এ বছর বোরো ধানের বীজ উত্পাদনের লক্ষ্যমাত্রা ৭৭ মেট্রিক টন ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে । এ বছর পাংশা বীজ উত্পাদন খামারে প্রায় ৮০ একর জমিতে বোরো ধানের চারা রোপণ করা হয়েছে । বোরো ধানের চারাগাছ দেখে কর্তৃপক্ষ বলেন, পরিবেশ বিপর্যয় অথবা প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার বোরো ধানের বীজ উত্পাদন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হবে । পাংশা বীজ উত্পাদন খামার দপ্তর সূত্রে জানা যায়, গত বছর আউশ, বোরো, হাইব্রিড ধান, আলু, গমের বীজ উত্পাদনের লক্ষ্যমাত্রা পূরণ হলেও শুধুমাত্র আমন ধানের বীজ উত্পাদন লক্ষ্যমাত্রা ৮৫ মেট্রিক টনের জায়গায় ৬৪.৫ মেট্রিক টন হয়। এ বছরও আমন মৌসুমে উত্পাদন লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। ৮৩ মেট্রিক টন লক্ষ্যমাত্রা থাকলেও উত্পাদন হয়েছে ৬০ মেট্রিক টন। বীজ উত্পাদন খামারের সিনিয়র সহকারী পরিচালক মো. এনামুল হক খামারে উত্পাদিত বীজের গুণগত মান সন্তোষজনক বলে দাবি করেন ।