অবিলম্বে নবম ওয়েজবোর্ড রোয়েদাদের গেজেট প্রকাশসহ সাংবাদিকদের চার দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
নবম ওয়েজবোর্ড রোয়েদাদের গেজেট প্রকাশ, গণমাধ্যমে ছাঁটাই বন্ধ, নিয়মিত বেতন-ভাতা প্রদান, অবিলম্বে গণমাধ্যম কর্মী আইন পাস করার দাবিতে রবিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এই কর্মসূচি পালন করে। ডিইউজের সভাপতি আবু জাফর সূর্যের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএফইউজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল।
যুগ্ম সম্পাদক আকতার হোসেনের সঞ্চালনায় বক্তৃতা করেন বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদ, সহ-সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা, ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, বিএফইউজের যুগ্ম-মহাসচিব আব্দুল মজিদ ও বাসসের ডেপুটি ইউনিট চিফ কাজি গোলাম আলাউদ্দিন (তানভীর আলাদিন) প্রমুখ।
সাংবাদিক নেতৃবৃন্দ জানান, আজ সোমবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুরূপ দাবিতে সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের মানববন্ধন অনুষ্ঠিত হবে। এ কর্মসূচি থেকে বিএফইউজের পক্ষ থেকে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান অতিথি মোল্লা জালাল।