নান্দাইলে আওয়ামী লীগ কার্যালয় ভাংচুর

ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটেছে বলে দলীয় নেতৃবৃন্দ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। কার্যালয়টি সিংরইল বাজারের ব্যস্ততম এলাকায় অবস্থিত। নান্দাইল মডেল থানার জ্যেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) দুলাল চন্দ্র সেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বাঁধানো ছবির ফ্রেম বাঁকানো, দলীয় ব্যানার ও স্থানীয় সংসদ সদস্যের কয়েকটি ছবি ছেঁড়া অবস্থায় পাওয়া গেছে। এছাড়া আসবাবপত্র ও একটি সাদাকালো টেলিভিশন ভাংচুর অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে মামলা নেয়া হবে। সিংরইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুনু মিয়া জানান, এক সপ্তাহ আগে স্থানীয় শিবির নেতা রুকন মিয়া এলাকায় এসে বদরুল মাস্টারের ছেলে বদিউজ্জামান খান ওরফে শাহীনের বাড়িতে কয়েক যুবককে সংগঠিত করে একটি সভা করে। স্থানীয় ছাত্রলীগ এ ঘটনার প্রতিবাদ জানালে উত্তেজনা দেখা দেয়। এলাকার লোকজনের অভিযোগ, ঐ ঘটনার জের ধরেই গতকাল শনিবার বদিউজ্জামান খান ওরফে শাহীনের নেতৃত্বে হেলিম উদ্দিন, আলিম উদ্দিন, বিছু মিয়াসহ কিছু সংখ্যক যুবক আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালায়। এ সময় কার্যালয়ে অবস্থানরত ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়া আহত হন। এ বিষয়ে বক্তব্য জানতে গতকাল দুপুরে বদিউজ্জামান খান ওরফে শাহীনের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার স্ত্রী (চামেলি বেগম) জানান, তার স্বামী মাদকাসক্ত। শাহীনের মোবাইল ফোন নম্বর চাইলে তিনি বলেন, নম্বর মুখস্থ নেই। সিংরইল ইউনিয়ন বিএনপি নেতা (এখানে বিএনপির সাংগঠনিক কমিটি নেই) হাবিবুর রহমান, মোবারক হোসেন, আব্দুল মান্নান বলেন, এখানে সব দলের সহাবস্থান রয়েছে। একটি কুচক্রী মহল হামলার ঘটনা ঘটিয়ে শান্তিপূর্ণ সহাবস্থান বিনষ্ট করতে চাইছে।