শশী এবার গার্মেন্টস কন্যা চরিত্রে

‘বনফুলের গান’ শিরোনামে নির্মাণাধীন নতুন ধারাবাহিক নাটকে পোশাক শ্রমিকের ভূমিকায় অভিনয় করছেন শশী। এজন্য তাকে বেশ কয়েকদিন বস্তিতে থাকতে হয়েছে। ধারাবাহিকটি নির্মাণ করছেন আবুল হায়াত। নির্মাতা সুত্রে জানা গেছে, উত্তরায় ১০ নাম্বার সেক্টরের একটি বস্তিতে ধারাবাহিকটির শ্যূটিং সম্পন্ন হয়েছে। ৭৮ পর্বের এ ধারাবাহিকটি ইউনিসেফের অর্থায়নে তৈরি হচ্ছে। ধারাবাহিকের গল্পে শশীর নাম পারুল। তিনি গার্মেন্টস কারখানায় চাকরি করেন। তার আয়েই গ্রামে থাকা পরিবারের সংসার চলে। সারাদিন কারখানায় হাড়ভাঙা পরিশ্রম শেষে বাড়ি ফিরে তাকে ঘরকন্নার কাজও করতে হয়। এভাবেই নানা ঘটনার মধ্য দিয়ে ধারাবাহিকটি এগিয়ে যাবে। এ প্রসঙ্গে শারমিন জোহা শশী বলেন, ‘আমি এবারই প্রথম গার্মেন্টস কন্যার ভূমিকায় অভিনয় করেছি। চরিত্রটি আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। তবে আমার চলন-বলন, বেশ-ভূষার মাধ্যমে চরিত্রটি যথার্থভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’ শশী আরো বলেন, পোশাক শ্রমিকদের জীবন সত্যি বেশ কষ্টের। এমন একটি সংগ্রামী নারীর চরিত্রে অভিনয় করতে পেরে আমি আনন্দিত।