কামরাঙ্গীরচরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক নিহত

কামরাঙ্গীরচরে শুক্রবার রাতে ছিনতাইকারীদের ছুরির আঘাতে এক যুবক নিহত হয়েছে। তার নাম আমির হোসেন। শুক্রবার রাতে স্থানীয় নূরে মদিনা মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। কামরাঙ্গীরচর থানা পুলিশ জানায়, কামরাঙ্গীরচর থানা এলাকার নূরে মদিনা মাদ্রাসার সামনে কয়েকজন ছিনতাইকারী শুক্রবার রাত ১১টার কিছু পর আমির হোসেনের গতিরোধ করে। এ সময় আমির পালাতে গেলে ছিনতাইকারীরা তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এক পর্যায়ে সে চিত্কার করলে স্থানীয় লোকজন ছুটে এসে ছিনতাইকারীদের ধাওয়া করে এবং গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এদিকে শনিবার দুপুর সোয়া ১২টার দিকে বড় মগবাজারে একটি আবাসিক হোটেলের প্রবেশ পথ থেকে পাপ্পু দাস নামে এক সুইপারের লাশ উদ্ধার করেছে পুলিশ। রমনা থানার উপ-পরিদর্শক দীপক কুমার পাল জানান, বড় মগবাজারের নিউ সুপার আবাসিক হোটেলের সিঁড়িতে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশ তা উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যালে পাঠানো হয়।