মতিঝিলে নানা কর্মসূচি পালন করায় ঢাকা চেম্বারের উদ্বেগ

গত প্রায় ৬ মাস যাবত্ দেশের বিভিন্ন সংগঠন রাজধানী ঢাকার প্রধান ও ব্যস্ততম বাণিজ্যিক এলাকা মতিঝিলে জনসমাবেশের পাশাপাশি নানা ধরনের অবস্থান কর্মসূচি পালন করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে চেম্বারের পক্ষ থেকে উল্লেখ করা হয়, মতিঝিলে এ ধরনের কর্মসূচির ফলে এ ব্যস্ততম এলাকায় জনগণের স্বাভাবিক চলাচল ও ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা বিঘ্নিত হচ্ছে। এ অবস্থায় মতিঝিলে অবস্থিত ঢাকা চেম্বারসহ বিভিন্ন ব্যাংক, বীমা ও অন্যান্য প্রতিষ্ঠান নিজেদের স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছে না। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।