দরিদ্রদের সহায়তায় জেলা পর্যায়ে ‘লিগ্যাল এইড’
প্রকাশ : ২৩ মার্চ ২০১৩, ২২:০৬
দরিদ্র জনগোষ্ঠীকে আইনগত সহায়তা দিতে দেশের সব জেলায় ‘লিগ্যাল এইড’ কার্যক্রম শক্তিশালী করা হয়েছে। সরকারি খরচে চার বছরে ৪৬ হাজার ৭৩৭ জন দরিদ্র ব্যক্তিকে আইনগত সহায়তা প্রদান করা হয়েছে। এ সময়ের মধ্যে ১৮ হাজার ৫৫টি দেওয়ানী, ফৌজদারী ও পারিবারিক মামলা নিষ্পত্তি করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের বিচার শাখা সূত্রে একথা জানা গেছে।
সরকারিভাবে আইনগত সহায়তা কার্যক্রম বিষয়ে দরিদ্র জনগোষ্ঠীকে সচেতন করতে নানামুখী প্রচারণা চালানো হচ্ছে। গণমাধ্যমে জনসচেতনতামূলক টিভিসি প্রচার হচ্ছে। দেশের সব জেলায় জাতীয় আইনগত সহায়তা প্রদান আইনের অধীনে লিগ্যাল এইড অফিস স্থাপন করা হয়েছে। এ জন্য প্রতিটি আদালতে এ সংস্থার জন্য আলাদা কার্যালয় স্থাপন করা হয়েছে। গরীব, অসহায় বিচার প্রার্থীদের কল্যাণে এ সংস্থা কার্যক্রম পরিচালনা করছে।
আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম ত্বরান্বিত করতে ঢাকায় নিউ বেইলী রোডে এর প্রধান কার্যালয় স্থাপন করে জেলা জজ পদমর্যাদার একজন কর্মকর্তাকে এর পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
এ ছাড়াও যুগ্ম-জেলা জজ পদমর্যাদার একজনকে উপ-পরিচালক ও সিনিয়র সহকারী জজ পদমর্যাদার দুইজনকে সহকারী পরিচালক হিসেবে নিয়োগ করা হয়েছে।