সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি করুন: মওদুদ
প্রকাশ : ২৩ মার্চ ২০১৩, ২২:১৯
সবার কাছে গ্রহণযোগ্য ও দলনিরপেক্ষ ব্যক্তিকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেছেন, নির্বাচনের বাকি আর কয়েক মাস। এসময়ে নতুন রাষ্ট্রপতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সরকারের উচিত এমন দলনিরপেক্ষ একজনকে রাষ্ট্রপতি করা, যিনি সবার কাছে গ্রহণযোগ্য হবেন। জনগণ আশা করে, সরকার এক্ষেত্রে প্রজ্ঞার পরিচয় দেবে।
আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে গতকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা জেলা জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকারের প্রতি এই আহ্বান রাখেন। ব্যারিস্টার মওদুদ বলেন, সংবিধান অনুযায়ী আগামী ১৯ জুনের মধ্যে দেশের ২০তম রাষ্ট্রপতি নির্বাচিত করতে হবে। সংসদের বর্তমান হিসাব অনুযায়ী ক্ষমতাসীন আওয়ামী লীগ যাকেই মনোনয়ন দেবে, তিনিই হবেন পরবর্তী রাষ্ট্রপতি; কিন্তু যেহেতু দেশের সামনে গুরুত্বপূর্ণ সময় এবং সংকট চলছে, সে কারণে শুধু সংখ্যাগরিষ্ঠতার জোরে এককভাবে কাউকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলে সমস্যা আরো প্রকট হবে। তাই সঙ্কট নিরসনে সরকারি দলকেই এ ব্যাপারে উদ্যোগী হতে হবে।
সাবেক এই আইনমন্ত্রী বলেন, সরকার অতীতে সকল রেকর্ড ভঙ্গ করে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর সীমাহীন নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে। এরপরেও বিরোধী দল প্রয়াত রাষ্ট্রপতির প্রতি যথাযথ শ্রদ্ধা দেখিয়েছে। এখন সরকারেরও উচিত বিরোধী দলের এবং জনগণের চাওয়ার প্রতি সম্মান দেখিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেয়া। সরকারকেই এমন পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে এই দাবিতে বিরোধী দলকে একদফার আন্দোলন না করতে হয়। অন্যথায় দাবি আদায়ে সরকারকে বাধ্য করতে আন্দোলন ছাড়া বিরোধী দলের সামনে বিকল্প পথ খোলা থাকবে না।
বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর ‘সরকারের নিপীড়ন-নির্যাতনের’ সমালোচনা করে মওদুদ বলেন, কোনো রাজনীতিবিদ ও রাজনৈতিক কর্মীকে ডাণ্ডাবেড়ি পরানো এদেশে নজিরবিহীন ঘটনা। এই সরকারের পুলিশ বাহিনী বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে ভাঙচুর ও ১৫৪ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। পরে ডাণ্ডাবেড়ি পরিয়ে তাদের রিমান্ডে নেয়া হয়। এতেই প্রমাণ হয়, বিচারবিভাগ বর্তমানে স্বাধীনভাবে কাজ করতে পারছে না।
ঢাকা জেলা মহিলা দলের আহ্বায়ক সাবিনা ইয়াসমীনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, সাবেক এমপি শাহিনা খান, মহানগর সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন, ঢাকা জেলার সদস্য সচিব সাবেরা আলম, মিলি জাকারিয়া, নীলুফার ইয়াসমীন তামান্না প্রমুখ।